এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা গেল রহস্যময় কালো রঙে

চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা গেল রহস্যময় কালো রঙের একটি ব্রিফকেস। রুশ নৌবাহিনীর এক কর্মকর্তার হাতে থাকা ব্রিফকেসটিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক ‘পারমাণবিক ব্রিফকেস’ বলে পরিচয় করিয়ে দেন। রাশিয়ায় এটি ‘চেগেট’ নামে পরিচিত। এই ব্রিফকেসের মাধ্যমে পুতিন দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন। তবে এটি দিয়ে সরাসরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও একই ধরনের একটি ব্রিফকেস রয়েছে। সেটি ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত।

সাধারণত প্রেসিডেন্টের সঙ্গে এটি ভ্রমণ করে। তবে শেনঝেনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন কোনো ব্রিফকেস দেখা যায়নি। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা জানা যায়নি। পারমাণবিক ব্রিফকেস কি কেবল সামরিক শক্তি প্রদর্শনের প্রতীক, নাকি এর মাধ্যমে নেতারা মুহূর্তের মধ্যে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন? এ নিয়ে কৌতূহল রয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। পারমাণবিক ব্রিফকেস বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি বহনযোগ্য কেস।

এটি সামরিক কমান্ডব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ ধরনের ব্যবস্থা গড়ে তোলে। ওই সময় দুই পরাশক্তির নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিতে হতে পারে—এমন আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশ দেওয়ার ব্যবস্থা হিসেবে পারমাণবিক ব্রিফকেসের প্রচলন হয়। তবে ব্রিফকেসের ভেতরে একটি লাল বোতাম থাকে, আর নেতা সেটি চাপ দিলেই ক্ষেপণাস্ত্র ছুটে যায়—বিষয়টি আসলে এমন নয়। কোনো নেতার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা এবং অনেক বড় যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক ব্রিফকেস ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। ইতিহাসবিদদের মতে, এর সূচনা হয়েছিল প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের শাসনামলে। ১৯৬১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগের দিন জন এফ কেনেডিকে এ ব্রিফকেস সম্পর্কে অবহিত করেছিলেন আইজেনহাওয়ার। এ বিষয়ে একটি অবমুক্ত সরকারি স্মারকলিপিতেও তথ্য পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। এতে এমন কিছু গোপন সংকেত থাকে, যার মাধ্যমে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাই করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗