মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা ও আইসিসিতে বিচারের দাবি অ্যামনেস্টির
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এ ঐতিহাসিক রায়ে ৯-৬ ভোটে আদালত বলেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল। রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তি, তাদের পরিবার ও বেঁচে যাওয়া মানুষের জন্য বিরল ন্যায়বিচারের মুহূর্ত হিসেবে অভিহিত করেছে।
সংস্থাটি বলেছে, দীর্ঘদিনের অস্বীকার, দায়মুক্তি ও সত্য গোপনের পর আদালতের এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঐতিহাসিক ও কর্তৃত্বপূর্ণ স্বীকৃতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারের সরকার ও সামরিক কর্তৃপক্ষ রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করেছে। তাদের জন্য প্রাতিষ্ঠানিক বৈষম্য, বিচ্ছিন্নতা ও নিপীড়নের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ বর্ণবৈষম্যের (অ্যাপার্টহাইড) পর্যায়ে পড়ে। তিনি বলেন, রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে আটকে রাখা, বাড়িঘর ও গ্রাম পুড়িয়ে দেওয়া, ব্যাপক হত্যাকাণ্ড এবং যৌন সহিংসতার মতো অপরাধ দীর্ঘদিন ধরে চালানো হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানেও এসব নৃশংসতার ব্যাপকতা দেখা গেছে।
ক্যালামার্ডের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের এ চূড়ান্ত রায় মিয়ানমারের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা। স্বাধীন তদন্তকারী ও আন্তর্জাতিক আদালতের অনুসন্ধান উপেক্ষা করার সুযোগ নেই। গাম্বিয়া উদ্যোগ না নিলে ন্যায়বিচারের এ প্রক্রিয়া শুরু হতো না বলেও উল্লেখ করেন তিনি। আদালতের রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তাদের চলমান লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণহত্যায় জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে নিশ্চয়তা দেওয়ার নির্দেশও রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থাও করতে হবে।
মতামত দিন