ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে

মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-র অর্থায়নের জন্য বাংলাদেশের পুনরায় যোগ্যতা অর্জন ঢাকা-ওয়াশিংটন কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও

মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-র অর্থায়নের জন্য বাংলাদেশের পুনরায় যোগ্যতা অর্জন ঢাকা-ওয়াশিংটন কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। বিনিয়োগের সংশ্লিষ্ট খাত ও সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনার জন্য ডিএফসির একটি প্রতিনিধি দল আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফর করবে। গতকাল বৃহস্পতিবার এক মার্কিন কূটনীতিক আমার দেশের সঙ্গে আলাপে এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মার্কিন কূটনীতিক বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের পুনরায় যোগ্যতা অর্জনকে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি প্রমাণ করে, ওয়াশিংটন একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ার প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে রূপ দিতে আগ্রহী। এই পদক্ষেপগুলো বেসরকারি পুঁজি আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়নে সহায়তা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।

ওই মার্কিন কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি উন্নত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। দ্বিপাক্ষীয় ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি), জ্বালানি বিষয়ক সমঝোতা স্মারক এবং ডিএফসি সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ২০১৮ সালে ডিএফসি তার বর্তমান কাঠামোয় প্রতিষ্ঠিত হওয়ার পর, বাংলাদেশই প্রথম দেশ যারা পুনরায় এই সংস্থার অর্থায়নের যোগ্যতা অর্জন করল। মার্কিন কূটনীতিক জানান, শ্রম মানদণ্ড ও সংস্কার নিয়ে ওয়াশিংটন এবং ঢাকার বিভিন্ন সরকারের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শ্রম সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের কারণে বাংলাদেশ ডিএফসির সুবিধা পাওয়ার যোগ্যতা হারিয়েছিল। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস’ (জিএসপি) সুবিধার যোগ্যতা হারায়। পরবর্তীতে শ্রম সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের কারণে ডিএফসি-এর সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ অযোগ্য হয়ে পড়েছিল।

অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রাথমিক শ্রম সংস্কার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রাসঙ্গিক কনভেনশনগুলোতে যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের যোগ্যতা পুনর্বিবেচনার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। গত ফেব্রুয়ারিতে নতুন শ্রম আইন পাস করা এবং তা বাস্তবায়নের পথে ধারাবাহিক অগ্রগতি এই সিদ্ধান্ত অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন । ওই কূটনীতিক বলেন, শুধু আইন পাস করাই যথেষ্ট ছিল না। আমাদের দেখতে হয়েছে যে, দীর্ঘ সময় ধরে সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। শ্রম সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হতে সময় লাগবে, তবে ধারাবাহিক অগ্রগতি মার্কিন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের যোগ্যতা পুনর্বহাল করার জন্য যথেষ্ট ভিত্তি তৈরি করেছে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি মূল্যায়ন প্রক্রিয়ার পর, চলতি মাসের শুরুর দিকে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের যোগ্যতা অনুমোদন করেছেন। প্রতিষ্ঠানটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে গিয়ে কূটনীতিক জানান, ডিএফসি প্রথাগত উন্নয়ন ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা।

তিনি বলেন, ডিএফসি হলো যুক্তরাষ্ট্রের বিনিয়োগ শাখা। এটি কোনো উন্নয়ন ব্যাংক নয়। প্রথাগত সহায়তার পরিবর্তে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ওয়াশিংটনের কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই ডিএফসি। এটি বাণিজ্যিকভাবে লাভজনক এমন প্রকল্পগুলোতে অর্থায়ন, ঋণের নিশ্চয়তা, রাজনৈতিক ঝুঁকি বীমা এবং ইকুইটি বিনিয়োগ সুবিধা দিতে পারে, যা একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে এগিয়ে নেয়। তিনি বলেন, ডিএফসির অর্থায়ন বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক এবং প্রতিটি প্রকল্পকে আর্থিক সক্ষমতা, উন্নয়ন সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗