পত্রিকা: 'বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে'
দেশ রূপান্তরের প্রধান খবর— বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বিরোধী দল তাদের দাবি আদায়ে রাজপথে কর্মসূচিও পালন করেছে।
এর মধ্যে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়েছে এবং তা চলমান আছে। ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় সংসদে ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আহ্বানে সাড়া দিয়েছে বিরোধী দল এবং বিএনপির পাশাপাশি রাজপথে ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'সংবিধান সংস্কার, গণভোটসহ আমাদের যে দাবি রয়েছে, সেগুলো থাকবে। সে দাবি আদায়ে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সবার আগে প্রাধান্য পাবে।
তাই এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে রয়েছি এবং থাকব।' এদিকে, আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মসূচি দমনে সরকার মানবাধিকার বজায় রেখে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম— আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল। এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ জোরালো হয়েছে।
মতামত দিন