যে ইতিহাস এড়িয়ে গেছেন সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধীর লেখা স্মৃতিকথা ‘বিলংগিং : অ্যা জার্নি অফ লাভ’ (Belonging : A Journey of Love) সম্প্রতি প্রকাশিত হয়েছে। সম্ভবত এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা ছিল এটি। কারণ, তিনি এমন একজন মানুষ, যিনি প্রায় ছয় দশক ধরে দিল্লির ক্ষমতার অলিন্দে কাটিয়েছেন। অথচ তার বিষয়ে এবং তিনি যে জগতে বাস করতেন, সে সম্পর্কে খুব কম তথ্যই জানে মানুষ। দুজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে একই বাড়িতে থেকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাদের ব্যক্তিগত জীবনের অংশীদার হয়েছেন সোনিয়া। এছাড়া কংগ্রেসদলীয় সাবেক দুই প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের মতো নেতাদেরও তিনি দেখেছেন সুবিধাজনক অবস্থান থেকে। একবিংশ শতাব্দীর প্রথম ১৫ বছর তিনি সম্ভবত ভারতের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে না বসেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। কিন্তু তারপরও সোনিয়া সবার কাছে এক রহস্যময় ব্যক্তিত্বই রয়ে গেলেন। তিনি খুব কম কথা বলতেন এবং কঠিন প্রশ্নের মুখোমুখি হতে চাইতেন না।
মানুষ তাকে এমন শ্রদ্ধা করত, যা প্রায় ভক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অনেকেই আশা করেছিলেন, তার এই স্মৃতিকথা হয়তো সেই রহস্যের পর্দা উন্মোচন করবে। কিন্তু শেষ পর্যন্ত মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। সেদিক থেকে বিচার করলে ‘বিলংগিং’ এক বিশাল হতাশার নাম। এর কারণ এটা নয়, সোনিয়ার কাছে জানানোর মতো কোনো তথ্য নেই, বরং তিনি সম্ভবত সচেতনভাবেই এমন কিছু প্রকাশ করতে চাননি, যাতে নেহরু-গান্ধী পরিবারের ইমেজের ক্ষতি হয়। আর এ কারণেই বইটি শেষ পর্যন্ত শুধু নিজের ইমেজ রক্ষার এক সুপরিকল্পিত প্রচেষ্টায় পরিণত হয়েছে। অথচ এটি একটি অসাধারণ রাজনৈতিক স্মৃতিকথা হতে পারত। অবশ্য বইটির শুরুতেই সোনিয়া জানিয়েছেন, ক্যামব্রিজে প্রথম দেখাতেই তিনি রাজীব গান্ধীর প্রেমে পড়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৬৫ সালের জুন মাসে তিনি রাজীবের মা ইন্দিরা গান্ধীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা এবং কীভাবে তিনি রাজীবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার বাবাকে রাজি করিয়েছিলেন, তার বর্ণনা দিয়েছেন।
কিন্তু বর্ণনার ধারা যত বেশি রাজনৈতিক ক্ষমতার দিকে এগিয়েছে, সোনিয়া ততই সতর্ক হয়ে উঠেছেন। এ সম্পর্কে ১৯৭৫ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিষয়ে তার বয়ান এখানে উল্লেখ করা যেতে পারে। সে সময়ে ইন্দিরার সরকারের বাড়াবাড়ি করার নানা ঘটনায় ছোট ছেলে সঞ্জয় গান্ধীর ভূমিকা নিয়ে সোনিয়া লিখেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর ইন্দিরা যখন জরুরি অবস্থা জারির কথা ভাবছিলেন, তখন রাজীব তাকে বারবার নিষেধ করেন। রাজীবের যুক্তি ছিল, জরুরি অবস্থা জারি না করে বরং পদত্যাগ করলে দীর্ঘ মেয়াদে ইন্দিরার অবস্থান আরো শক্তিশালী হবে। কিন্তু সঞ্জয় এর বিরোধিতা করে বলেন, বিরোধীরা ‘মা (ইন্দিরা) এবং দলকে (কংগ্রেস) ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে’। ইন্দিরা শেষ পর্যন্ত সঞ্জয়ের পক্ষ নিয়ে জরুরি অবস্থা জারি করেন। ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর রাজীব নাকি সঞ্জয়কে বলেছিলেন, ‘আমি তোমাকে ক্ষমা করতে পারব না সঞ্জয়, তুমি মাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছ।’ ইন্দিরাও সম্ভবত একই মত পোষণ করেছিলেন এবং তিনি সঞ্জয়কে এই মর্মে অভিযুক্ত করেছিলেন, তার অগোচরেই সঞ্জয় নানা নির্দেশ জারি করতেন। সমালোচকরা সোনিয়ার এই বর্ণনাকে ‘সুবিধাবাদী রাজনীতি’ বলে অভিহিত করতে পারেন। কারণ অনেক আগে মারা যাওয়া সঞ্জয় এখানে সব দোষে দোষী, অন্যদিকে রাজীব হয়ে উঠেছেন গণতান্ত্রিক প্রজ্ঞার কণ্ঠস্বর।
ভারতীয় গণতন্ত্রের ওপর অন্যতম ভয়াবহ আঘাতটিকে সোনিয়ার বর্ণনায় নিছক একটি পারিবারিক মতপার্থক্যের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যেখানে সোনিয়ার স্বামী ইতিহাসের ‘সঠিক পক্ষে’ অবস্থান করছেন। সঞ্জয়ের স্ত্রী মেনকা গান্ধীর বিষয়ে সোনিয়ার অভিযোগÑমেনকা সাংবাদিকদের মাধ্যমে নানা বিদ্বেষপূর্ণ গল্প ছড়িয়েছিলেন, যার মধ্যে একটি ছিলÑ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাজীব ও সোনিয়া ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরিবারের সঙ্গে মেনকার দূরত্ব তৈরির ক্ষেত্রে সোনিয়ার ভূমিকা কী ছিল, তা এই স্মৃতিকথায় নেই। কিন্তু ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়াকর এ সম্পর্কে তার ‘ইন্দিরা গান্ধী’ গ্রন্থে লিখেছেন, বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরা তরুণী বিধবা মেনকাকে কাজে ব্যস্ত রাখার জন্য নিজের সচিব করতে প্রস্তাব চেয়েছিলেন। কিন্তু বিষয়টি সোনিয়াকে ক্ষুব্ধ করে। সোনিয়া ও ইন্দিরার মধ্যে এ নিয়ে চিঠি চালাচালিও হয়। শেষ পর্যন্ত ইন্দিরা মেনকাকে সচিব করার প্রস্তাব প্রত্যাহার করেন। অন্যদিকে, রশিদ কিদওয়াই তার ‘সোনিয়া : অ্যা বায়োগ্রাফি’ গ্রন্থে লিখেছেনÑ‘সোনিয়া হয়তো রাজনীতিতে মেনকার প্রবেশ আটকে দিয়েছিলেন, আবার সঞ্জয়ের শূন্যস্থান পূরণ করতে রাজীব রাজনীতিতে আসুক, সেটিও চাননি। একপর্যায়ে তিনি এই বলে হুমকি দিয়েছিলেন যে, রাজীব রাজনীতিতে যোগ দিলে তিনি তার জীবন থেকে চিরতরে চলে যাবেন।’ রাজীবের রাজনীতিতে আসার বিরোধিতা করাটা সোনিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক।
মতামত দিন