চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে জিম্মি ব্যবসা-বাণিজ্য
চট্টগ্রামে চাঁদাবাজদের দৌরাত্ম্য ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চাঁদা না পেলে গুলি, হামলা এমনকি প্রাণনাশের হুমকি এখন নিত্যদিনের ঘটনা। নির্মাণাধীন ভবন থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি-কোথাও মিলছে না নিরাপত্তা। দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে চালানো হচ্ছে সশস্ত্র হামলা, বাসার ফটকে ছোড়া হচ্ছে গুলি, হুমকি দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের হত্যার। এসব ঘটনায় মামলা, গ্রেপ্তার, পুলিশি পাহারা-কোনোকিছুতেই থামছে না দুর্বৃত্তদের তাণ্ডব।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে পর্যন্ত দুই বছরে চট্টগ্রাম নগরী ও আশপাশে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনা ঘটেছে ৪০টির বেশি। একই সময়ে চাঁদাবাজির মামলা হয়েছে ৬৮টি, ভুক্তভোগী ১৫১ জন। শুধু চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ১৭ মাসে চাঁদাবাজির ১৫টি মামলা হয়েছে। সবশেষ গত রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় গুলি চালানোর পর ফোন করে তাকে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব।’ অন্যদিকে, বেনামে অভিযোগ নেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবাজ বিডি ডটকম’-এ চলতি বছরের ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে ১৩৭টি অভিযোগ জমা পড়েছে। এতে মোট এক কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৩৩ টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে। নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় দুই দফা গুলির ঘটনা ঘটে। প্রথমবার চলতি বছরের ২ জানুয়ারি এবং দ্বিতীয়বার ২৮ ফেব্রুয়ারি। পরিবারের ভাষ্য, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল।
টাকা না পেয়ে হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ। গ্রুপের এমডি মুজিবুর রহমান বলেন, বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র দেয়ে গুলি করা হয়েছিল। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়া হয়। পুলিশ পাহারা থাকার পরও হামলার বিষয়ে তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায় দ্বিতীয়বার বাড়ির পেছন থেকে গুলি করে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মতামত দিন