মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে আইএলও উদ্বিগ্ন

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়।আইএলও আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা, ভাঙচুর ও কা

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়।আইএলও আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা, ভাঙচুর ও কাজ ব্যাহত হওয়ার খবর এবং শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর গুরুতর প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। উত্তেজনা প্রশমন এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে তারা।বিবৃতিতে বলা হয়েছে, আইএলও বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং চলমান অস্থিরতাসহ সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সম্পর্কের ওপর এই অস্থিরতার প্রভাবও সংস্থাটির বিশেষ বিবেচনায় রয়েছে।তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে করার ওপর জোর দিয়েছে আইএল। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি ও তার নিয়মিত সমন্বয় হতে হবে স্বচ্ছ ও প্রমাণভিত্তিক এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তনির্ভর।

এ ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন যথাযথভাবে বিবেচনা করা আবশ্যক। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির প্রভাব।

পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সংশ্লিষ্ট খাতের সক্ষমতা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিষ্ঠানের টেকসই অবস্থানের মতো প্রাসঙ্গিক অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।এ ছাড়া দেশের সার্বিক মজুরির স্তর বা হার, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্প সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনযাত্রার মানও বিবেচনা নেওয়া উচিত বলে মনে করে সংস্থাটি।আইএলও বলেছে, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নতির জন্য উৎপাদন থেকে শুরু করে পণ্য কেনা পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা এমন পরিবেশ সৃষ্টিতে সহায়ক হতে পারে, যা মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পরিপালন, শোভন কাজ এবং শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ও স্থায়িত্বকে সমর্থন করে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗