আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: আমিনুল হক

গত ১৭ বছরের দুঃশাসনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে একটি মহল বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য

গত ১৭ বছরের দুঃশাসনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে একটি মহল বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমত থাকতেই পারে, প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দিয়ে, কলকারখানায় অগ্নিসংযোগ করে এবং বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই দেশ সবার, এই সমাজও সবার।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে দল-মতনির্বিশেষে প্রত্যেকে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে ভোট দেবে না। এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা।

সরকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।’ শিক্ষার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি তাঁর আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’ তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাইকে সরকারি বা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে, এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এ প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।’ শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে কাজ করছেন। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে “খেলাধুলা” নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে। খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗