কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোরআনে আলোচনা নেই কেন, জবাবে যা বললেন ড. জাকির নায়েক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে ড. জাকির নায়েকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন নিসা নামের এক নারী। তিনি আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক। তাঁর বস ধর্মে বিশ্বাসী নন। তবে মানুষের সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং এর সম্ভাব্য বিপজ্জনক ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। তাঁর প্রশ্ন, কোরআনে এসব প্রযুক্তি সম্পর্কে কোনো আলোচনা নেই কেন?
এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তাঁর বস ইসলাম গ্রহণের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানান নিসা। জবাবে ড. জাকির নায়েক বলেন, কোরআন বিজ্ঞানের বই নয়, বরং নিদর্শনের বই। বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশল কিংবা বিভিন্ন গবেষণার সব খুঁটিনাটি তথ্য যদি কোরআনে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এটি বিশাল আকারের একটি গ্রন্থে পরিণত হতো। একজন মানুষের পক্ষে জীবদ্দশায় সেই গ্রন্থ পড়া শেষ করাও কঠিন হয়ে পড়ত। তিনি ব্যাখ্যা করেন, কোরআনের মূল উদ্দেশ্য মানুষকে আল্লাহর পরিচয়, সৃষ্টিজগতের নিদর্শন এবং জীবনের সঠিক পথ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া।
এতে বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে যেসব তথ্য এসেছে, সেগুলো নির্ভুল ও সত্য। মানুষের জ্ঞান ও গবেষণা সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও আল্লাহর বাণী অপরিবর্তনীয়। ড. জাকির নায়েকের মতে, আধুনিক বিজ্ঞান দীর্ঘদিন গবেষণার পর যেসব সত্য আবিষ্কার করছে, তার কোনো কোনো বিষয়ে কোরআনে আগেই ইঙ্গিত পাওয়া যায়। কোরআনের বক্তব্য ও পরবর্তী বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে সামঞ্জস্যকে তিনি কোরআনের অলৌকিকত্বের অন্যতম দিক হিসেবে তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও কোরআনের বিধানের প্রাসঙ্গিকতা কোরআনের বিধান সময়ের পরিবর্তনের সঙ্গে প্রাসঙ্গিকতা হারায় না, তা বোঝাতে ড.
জাকির নায়েক ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্য ও প্রমাণের গুরুত্বের উদাহরণ তুলে ধরেন। ভিডিও রেকর্ডিং বা সিসিটিভি ফুটেজের তুলনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত প্রমাণ সব সময় নির্ভুল বা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিপফেক ভিডিও তৈরি করে কাউকে এমন কোনো কাজ করতে দেখানো সম্ভব, যা বাস্তবে সে করেনি। তাই ভিডিও ফুটেজকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রযুক্তির এমন অপব্যবহারের সম্ভাবনা আগে মানুষের কল্পনার বাইরে থাকলেও ইসলামী বিধান প্রমাণ ও সাক্ষ্যের ক্ষেত্রে যে সতর্কতার শিক্ষা দেয়, তা বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজেও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত উন্নতই হোক, সত্য যাচাই এবং ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো উপেক্ষা করা যায় না।
মতামত দিন