সৈয়দ মীর নিসার আলী তিতুমীর

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, যিনি ইতিহাসে ‘তিতুমীর’ নামেই সমধিক পরিচিত। অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ খ্রিস্টান

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, যিনি ইতিহাসে ‘তিতুমীর’ নামেই সমধিক পরিচিত। অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ খ্রিস্টান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক-প্রজাদের সংগঠিত করে তিনি যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা আজও মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। জন্ম, বংশপরিচয় ও নামকরণ তিতুমীর ১৭৮২ সালের ২৭ জানুয়ারি (বাংলা ১১৮৮ সনের ১৪ মাঘ) বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চাঁদপুর (মতান্তরে হায়দারপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মায়ের নাম আবিদা রোকাইয়া খাতুন। তাদের পূর্বপুরুষ সৈয়দ শাহাদাত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন এবং পরবর্তীকালে দিল্লির সুলতানের কাছ থেকে ‘মীর ইনসাফ’ খেতাব লাভ করেন। শিশুকালে কঠিন অসুখে পড়ে তিতুমীর অত্যন্ত তিক্ত ঔষধ হাসিমুখে পান করতেন বলে পরিবারের সদস্যরা আদর করে তাকে ‘তেতো’ বা ‘তিতা মিয়া’ বলে ডাকতেন।

এই আদুরে ডাক থেকেই কালক্রমে ‘তিতুমীর’ নামের উৎপত্তি হয়। শিক্ষা ও শারীরিক দক্ষতা গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শেষে তিতুমীর স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হন। আঠারো বছর বয়সেই তিনি পবিত্র কুরআনের হাফেজ হন এবং হাদিস, ইসলামি আইনশাস্ত্র, দর্শন ও আরবি-ফারসি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তিনি শরীরচর্চা, কুস্তি, লাঠিখেলা ও অসিচালনায় অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন এবং একজন খ্যাতিমান পালোয়ান হিসেবে পরিচিতি লাভ করেন। ধর্মীয় সংস্কার ও কৃষক আন্দোলন ১৮২২ সালে তিতুমীর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ইসলামি সংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ বেরলভীর সান্নিধ্যে এসে তিনি শিরক-বিদআত মুক্ত সমাজ গঠন এবং সাম্রাজ্যবাদী বৃটিশ খিস্টান শাসনের বিরুদ্ধে জিহাদের মন্ত্রে দীক্ষিত হন।

১৮২৭ সালে দেশে ফিরে তিনি চব্বিশ পরগনা ও নদীয়া অঞ্চলে ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন শুরু করেন। অচিরেই পুঁড়ার জমিদার কৃষ্ণদেব রায়সহ স্থানীয় অত্যাচারী জমিদার ও নীলকররা দরিদ্র মুসলিম, দলিত হিন্দু ও কৃষকদের ওপর ‘দাঁড়ির খাজনা’, মসজিদ কর ও পূজার চাঁদা চাপিয়ে দিলে তিতুমীর এর তীব্র প্রতিবাদ জানান। কৃষকদের সুরক্ষায় তিনি তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি করে প্রায় পাঁচ হাজার মুজাহিদের এক সুশৃঙ্খল লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বাঁশের কেল্লা ও শাহাদাত বরণ জমিদার ও ইংরেজ বাহিনীর যৌথ আক্রমণ প্রতিহত করতে ১৮৩১ সালের অক্টোবর মাসে তিতুমীর বারাসাতের অদূরে নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশ ও কাদা দিয়ে এক দুর্ভেদ্য ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন। তিনি চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ খৃষ্টান শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে ‘খলিফা’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। জমিদার ও বারাসাতের কালেক্টর আলেকজান্ডারের বাহিনী তিতুমীরের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলে ব্রিটিশ সরকার ক্ষিপ্ত হয়ে ওঠে।

অবশেষে ১৮৩১ সালের ১৪ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে কামান ও আধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশাল ব্রিটিশ বাহিনী নারিকেলবাড়িয়া অবরোধ করে। তিতুমীরের বাহিনীর সাধারণ তলোয়ার, লাঠি ও তীর-সড়কি আধুনিক কামানের গোলার সামনে টিকতে পারেনি। ১৯ নভেম্বর ইংরেজদের কামানের গোলায় ঐতিহাসিক বাঁশের কেল্লা বিধ্বস্ত হয় এবং বহু সহচরসহ মহাবীর তিতুমীর শাহাদাত বরণ করেন। পরবর্তীতে তার সেনাপতি গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং অসংখ্য অনুসারীকে কারাদণ্ড দেওয়া হয়। অসম যুদ্ধে তিতুমীর শহিদ হলেও বাংলার কৃষক-জনতার মনে তিনি স্বাধীনতার যে বীজ বপন করেছিলেন, তা পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছিল। লেখক: কবি ও কলামিস্টThe post সৈয়দ মীর নিসার আলী তিতুমীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗