সাঈদ খোকনের পর নাহিদ, আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগের মধ্যেই গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।
শুধু এই নেতারাই নন, গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। বুধবার গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে। গ্রেফতারকৃতদের অনেককে নাশকতার অভিযোগে করা মামলা, সন্ত্রাসবিরোধী আইন কিংবা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
কারও বিরুদ্ধে রয়েছে আগের সহিংসতার ঘটনায় করা মামলা। কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের পরিচিত এসব নেতা এতদিন কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতার অভিযান কেন বাড়ানো হয়েছে, এখন একের পর এক গ্রেফতারের সঙ্গে দলটির চলমান রাজনৈতিক কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর কোনো সম্পর্ক আছে কি?
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিবিসি বাংলাকে বলেছেন, রাত দুইটা ২০ মিনিটের দিকে নুরুল ইসলাম নাহিদকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
মতামত দিন