চুল পরিচর্যায় নতুন মাত্রা: তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’
শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহারের নতুন ট্রেন্ড ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’ তরুণদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।এ পদ্ধতিতে চুলের স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে শুষ্কতা কমানো এবং জট ছাড়ানোর প্রক্রিয়া সহজ হয়।পাতলা ও রিবন্ডিং করা চুলের ভারী ভাব দূর করতে এবং বাড়তি কোনো প্রসাধন সামগ্রী ছাড়াই এই রুটিন কার্যকর।কেশ পরিচর্যার ক্ষেত্রে বহু বছর ধরে শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার লাগানোই ছিল সর্বজনস্বীকৃত ও প্রচলিত নিয়ম। তবে সাম্প্রতিক সময়ে সেই ধরাবাঁধা নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে জেন-জি তথা তরুণ প্রজন্মের হাত ধরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’ নামের একটি নতুন ধারা। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের হেয়ার কেয়ার কমিউনিটি বা ‘হেয়ারটক’-এর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই কৌশলে শ্যাম্পু করার আগেই কন্ডিশনার প্রয়োগ করা হয়।
চুলের স্বাভাবিক আর্দ্রতা অক্ষুণ্ণ রাখা, শুষ্কতা ও রুক্ষতা হ্রাস করা এবং চুলকে মসৃণ ও প্রাণবন্ত রাখাই এই ব্যতিক্রমী পদ্ধতির প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’ মূলত ‘প্রি-পু’ বা প্রি-শ্যাম্পু কন্ডিশনিং হিসেবেও পরিচিত। সাধারণ নিয়মে শ্যাম্পু করার সময় মাথার ত্বকের জমে থাকা ধুলোবালি ও অতিরিক্ত তেল পরিষ্কারের পাশাপাশি অনেক সময় চুলের স্বাভাবিক তেল ও আর্দ্রতাও নিঃশেষ হয়ে যায়, যার ফলে চুল নির্জীব ও রুক্ষ হয়ে পড়ার ঝুঁকি থাকে। কিন্তু শ্যাম্পুর আগে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে নিলে তা চুলের আঁশের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। দুবাইয়ের বিহেভ হেয়ার অ্যান্ড বডি স্পার হেয়ার স্টাইলিস্ট আনা মারিয়া গাইবোভার অভিমত অনুযায়ী, এই পদ্ধতিতে চুল ধোয়ার প্রক্রিয়ায় চুলের আর্দ্রতা সংরক্ষিত থাকে, জট কম পাকায় এবং চুল ভেঙে যাওয়ার আশঙ্কা হ্রাস পায়।
একই সঙ্গে চুল আরও কোমল ও উজ্জ্বল দেখায়।প্রথাগত কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে পাতলা চুলের অধিকারীদের জন্য চুল চুপসে যাওয়া বা ভারী লাগার একটি সাধারণ সমস্যা দেখা দেয়। তবে ডার্টি হেয়ার কন্ডিশনিং পদ্ধতিতে শ্যাম্পুর পূর্বেই কন্ডিশনার ধুয়ে ফেলা হয় বলে চুলের গোড়া তেলতেলে বা ভারী না হয়েও কাঙ্ক্ষিত কোমলতা বজায় থাকে। হেয়ার স্টাইলিস্টদের মতে, এ পদ্ধতির অন্যতম বড় সুবিধা হলো এর জন্য বাজারে বিদ্যমান অতিরিক্ত কোনো বিশেষ পণ্যের প্রয়োজন নেই; প্রাত্যহিক ব্যবহৃত নিয়মিত কন্ডিশনার দিয়েই এটি অনায়াসে চর্চা করা যায়। বিশেষ করে কোঁকড়া, ঘন, অতিরিক্ত শুষ্ক কিংবা রিবন্ডিং করা চুলের ক্ষেত্রে ঘর্ষণজনিত ক্ষতি কমাতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।তবে ত্বক ও চুলের ধরন অনুযায়ী ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রূপবিশেষজ্ঞরা।
অতিরিক্ত তৈলাক্ত মাথার ত্বক কিংবা অত্যন্ত পাতলা চুলের ক্ষেত্রে কন্ডিশনার যেন কোনোভাবেই মাথার ত্বকে সরাসরি স্পর্শ না করে, সেদিকে খেয়াল রাখা জরুরি; অন্যথায় ত্বকের ছিদ্রে পণ্যের অবশিষ্টাংশ জমে সমস্যা হতে পারে। সাধারণ নিয়ম অনুযায়ী না-ধোয়া চুলে কন্ডিশনার লাগিয়ে অন্তত পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হয় এবং পরবর্তীতে মাথার ত্বকে শ্যাম্পু ব্যবহার করতে হয়। চুলের ধরনভেদে সপ্তাহে এক বা দুই দিন এই রুটিন অনুসরণ করে চুলের প্রয়োজনীয় আর্দ্রতা রক্ষা ও ক্ষতি প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মতামত দিন