রাতভর নাক ডাকাকে ‘নিরীহ’ ভাবছেন? অজান্তেই লিভারকে ঠেলে দিচ্ছেন বড় বিপদের মুখে!
রাতে ঘুমের মধ্যে জোরে নাক ডাকেন? বাড়ির লোকের অভিযোগ, আপনার নাক ডাকার শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায়? অনেকেই বিষয়টিকে নিছক ঘুমের অভ্যাস বলে উড়িয়ে দেন। কেউ কেউ আবার মজাও করেন। কিন্তু রোজ এমন নাক ডাকা আদৌ স্বাভাবিক কি? বিশেষজ্ঞদের মতে, জোরে ও একটানা নাক ডাকার পিছনে থাকতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই সমস্যা শুধু ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে না, শরীরের বিপাকক্রিয়া থেকে শুরু করে লিভারের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। এমনকী বাড়তে পারে ফ্যাটি লিভারের আশঙ্কাও। চিকিৎসকদের কথায়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রভাব শরীরের একাধিক ক্ষেত্রে পড়ে। হার্টের স্বাস্থ্য, বিপাকক্রিয়া, মেজাজ, আচরণ ও স্মৃতিশক্তির পাশাপাশি লিভারের উপরেও এর প্রভাব পড়তে পারে। পাশের মানুষটিও অতিষ্ঠ! ছবি: সংগৃহীত ঘুমের মধ্যেই বারবার থেমে যাচ্ছে শ্বাস! ঘুমের সময়ে গলার পেশি শিথিল হয়ে গেলে শ্বাসনালি আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ফলে কিছুক্ষণের জন্য শ্বাসপ্রশ্বাস থেমে যায় বা বাধাপ্রাপ্ত হয়।
রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে মস্তিষ্ক সাময়িকভাবে ঘুম ভাঙিয়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। এই ঘটনাই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এক রাতে এমন ঘটনা বহুবার ঘটতে পারে। অথচ আক্রান্ত ব্যক্তি অনেক সময় বুঝতেই পারেন না, ঘুমের মধ্যে তাঁর শ্বাসপ্রশ্বাস বারবার ব্যাহত হচ্ছে। সমস্যা হল, প্রতিবার শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। বারবার এমন ঘটলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বাড়তে পারে। বিঘ্নিত হতে পারে বিপাকক্রিয়াও। যার প্রভাব পড়ে একাধিক অঙ্গের উপর। নাক ডাকা থেকে ফ্যাটি লিভার, যোগসূত্র কোথায়? স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে ফ্যাটি লিভারের সম্পর্কের অন্যতম কারণ শরীরে বারবার অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের মাত্রা বারবার কমে গেলে কোষে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ তৈরি হতে পারে। পাশাপাশি ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে। এর ফলে শরীরের চর্বি ব্যবহারের স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তন আসে। যকৃতে অতিরিক্ত চর্বি জমার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যার পরিচিতি মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি) নামে। সাধারণভাবে যাকে ফ্যাটি লিভার বলা হয়। লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমাই এই অসুখের বৈশিষ্ট্য। কারও কারও ক্ষেত্রে পরবর্তী সময়ে তা লিভারে প্রদাহ, ক্ষত এবং আরও জটিল সমস্যার কারণ হতে পারে। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। স্থূলতা বা অতিরিক্ত ওজন স্লিপ অ্যাপনিয়া এবং ফ্যাটি লিভার- দু’টিরই পরিচিত কারণ। ফলে একই ব্যক্তির শরীরে দুই সমস্যার উপস্থিতি অস্বাভাবিক নয়। শুধু ঘুমের ব্যাঘাতই নয়, সমস্যা হার্ট থেকে লিভার-সহ একাধিক অঙ্গে। ছবি: সংগৃহীত তবে নাক ডাকলেই ফ্যাটি লিভার হবে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। স্লিপ অ্যাপনিয়া ও লিভারের ক্ষতির সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। ব্যক্তির ওজন, ডায়াবেটিস এবং অন্যান্য বিপাকজনিত সমস্যাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলি দেখলে সাবধান প্রতিদিন জোরে নাক ডাকার পাশাপাশি কয়েকটি উপসর্গ দেখা দিলে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার দরকার- ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে আসা বা হাঁসফাঁস করে ওঠা। ঘুমের সময়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়া।
রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি ও অবসাদ না কাটা। এ ধরনের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শারীরিক পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্লিপ স্টাডি করে স্লিপ অ্যাপনিয়া নির্ণয় করা যায়। রোগীর শারীরিক অবস্থা ও অন্যান্য উপসর্গ বিবেচনা করে লিভারের স্বাস্থ্য যাচাই করতে লিভার ফাংশন টেস্ট-সহ আরও কিছু পরীক্ষার পরামর্শ দিতে পারেন চিকিৎসক। লিভারেরও ছাড় নেই! ছবি: সংগৃহীত শুধু ঘুম নয়, নজর দিন সামগ্রিক স্বাস্থ্যে স্লিপ অ্যাপনিয়া নিয়ন্ত্রণে রোগের মাত্রা অনুযায়ী চিকিৎসা জরুরি। পাশাপাশি অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত শরীরচর্চা এবং ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ। বিশেষত স্থূলতা, ডায়াবেটিস বা আগে থেকে লিভারের সমস্যা থাকলে ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসের কোনও অস্বাভাবিকতা হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া দরকার। নাক ডাকা মানেই অসুখ নয়। কিন্তু সেই নাক ডাকার সঙ্গে যদি বারবার শ্বাস বন্ধ হয়ে আসা, হাঁসফাঁস করে ঘুম ভাঙা বা দিনের বেলায় অতিরিক্ত ঘুমের মতো লক্ষণ থাকে, তা হলে অবহেলা করা উচিত নয়। কারণ, সমস্যাটি শুধু রাতের ঘুমে আটকে নাও থাকতে পারে। সময় থাকতে স্লিপ অ্যাপনিয়া চিহ্নিত করা গেলে ভবিষ্যতের নানা শারীরিক জটিলতা এড়ানোর সুযোগ থাকে।
মতামত দিন