রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। খবর বিবিসির।
তিনি জানান, মিয়ানমার সরকার এমন কিছু আঞ্চলিক নির্দেশনা জারি করেছিল, যার আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
বিচারপতি ইউজি বলেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার কমাতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দেওয়াই ছিল এসব পদক্ষেপের উদ্দেশ্য। তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে, আদেশটি ছিল রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল, যার লক্ষ্য ছিল অন্ততপক্ষে এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনা—যার মধ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’ বিচারপতি আরো বলেন, অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এসব ঘটনা রোহিঙ্গাদের বংশবৃদ্ধি বন্ধে রাষ্ট্রীয় অভিপ্রায়ের ইঙ্গিত দেয়।
এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা চালানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট হয়ে যায়।
মতামত দিন