ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা ও বিচারপ্রক্রিয়া হয়েছে, তা ছিল ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং এর কারণে তাকে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি তার থাকতে পারে। তবে এখনো কোনো মামলা করেননি; আইনজীবীদের সঙ্গে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।
ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে তিনি খালাকে প্রভাবিত করেছিলেন—এমন অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তার অনুপস্থিতিতেই আরো ১৬ জনের সঙ্গে এ মামলার বিচার হয়। টিউলিপ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি লন্ডনে অবস্থান করলেও মামলার অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে বারবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়নি বাংলাদেশ সরকার। এ কারণে নিজের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা-ও তিনি জানতে পারেননি বলে দাবি করেন।
দ্য গার্ডিয়ানকে টিউলিপ বলেন, মামলার রায় সম্পর্কে তিনি জানতে পারেন সংবাদমাধ্যমের একটি সংবাদ সতর্কবার্তা দেখে। তার ভাষায়, পুরো অভিজ্ঞতাটি ছিল ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ মতো। অভিযোগ ও বিচারপ্রক্রিয়ায় তিনি আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন বলেও জানান। প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন টিউলিপ। এ জন্য তাকে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন। তবে ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন তিনি।
টিউলিপের বক্তব্য জানতে ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক তৈরি হওয়ার পর গত বছরের জানুয়ারিতে দেশটির সরকারের মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। এমনকি নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্র সফরের সময়ও স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন।
মতামত দিন