শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐত

চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এ বৈঠককে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বৈঠকের আগে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা এবং পুতিনের সঙ্গে প্রায় ৪০ মিনিটের পৃথক আলোচনা করেছেন। পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তাকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

এ দুই বৈঠকের পর তিন নেতার একসঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ন্ত্রণে একটি নতুন কাঠামো নিয়ে আলোচনা শুরু করা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত রাখার ক্ষেত্রে বিদ্যমান চুক্তির বাধ্যবাধকতা আর কার্যকর নেই। ট্রাম্প নতুন ও আধুনিক একটি চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান। তবে এ বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কারণ, চীনের পারমাণবিক অস্ত্রের মজুত ছয় শতাধিক; অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের মজুত পাঁচ হাজারের বেশি বলে ধারণা করা হয়। ফলে তুলনামূলক ছোট অস্ত্রভান্ডার নিয়ে চীন কেন একই ধরনের সীমাবদ্ধতায় রাজি হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান যুদ্ধও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। হরমুজ প্রণালিতে হামলা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করে যুদ্ধের উত্তেজনা কমানোর পথ খুঁজতে পারেন ট্রাম্প। এপি জানিয়েছে, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা তাঁদের অভিন্ন স্বার্থের কথা বলেছেন।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন নেতার মধ্যে আলোচনা হবে কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আগে জানিয়েছিলেন, ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে কথা বললেও ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যেতে পারেন। অন্যদিকে এপি বলছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও আলোচনা শুরুর প্রত্যাশা রয়েছে। বিশ্লেষকদের মতে, বৈঠকে তিন নেতার লক্ষ্য এক নয়। ট্রাম্প এমন কোনো সমঝোতা বা উদ্যোগের ঘোষণা দিতে চান, যা দেশে তাঁর কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা যাবে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনা শুরু করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসেবে দেখাতে পারবেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗