শাহজালাল বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
রংপুর: থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক হোসেন বাবলু-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঢাকায় পৌঁছায় এবং তাকে সড়কপথে রংপুরে নিয়ে আসে। রাতেই তাকে নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোসাদ্দেক হোসেন বাবলু থাইল্যান্ড যাচ্ছিলেন।
তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং অপর দুটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর গত ৫ আগস্ট থেকে বাবলু আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর বিদেশ যাত্রার সময় তাকে গ্রেফতার করা হলো। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসার জন্য তার পরিবার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল।The post শাহজালাল বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন