চার দশকে চট্টগ্রামের ৬৫ শতাংশ পুকুর-দীঘি বিলীন
একসময় পুকুর-দীঘিতে ভরা ছিল চট্টগ্রাম শহর। রাণীর দীঘি, কাজির দীঘি, মোঘলটুলি দীঘি, জোড়া দীঘি, ভেলুয়ার দীঘি, বলুয়ার দীঘি, আসকারদীঘি ও রাজাপুকুরÑএসব জলাশয়ের সঙ্গে জড়িয়ে আছে বন্দরনগরীর ইতিহাস ও ঐতিহ্য। তবে সরকারি হিসাবে গত চার দশকে নগরীর ৬৫ শতাংশ পুকুর-দীঘি হারিয়ে গেছে। পরিবেশকর্মীদের দাবি, প্রায় ৯০ শতাংশ পুকুর-দীঘিরই অস্তিত্ব নেই; কেবল নামটি টিকে আছে। জলাশয় ও জলাধার রক্ষায় জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন (চসিক), পরিবেশ অধিদপ্তর ও রেলওয়ের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। বরং সংস্থাগুলো একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। এতে আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম জলাশয়শূন্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশকর্মীরা। নগরীর আসকারদীঘির পাড় এলাকা এখনো দীঘির নামেই পরিচিত। তবে চারপাশে অসংখ্য স্থাপনা গড়ে ওঠায় একসময়ের আট একরের দীঘিটি এখন মাত্র তিন একরে নেমে এসেছে।
এর বড় অংশের শ্রেণি পরিবর্তন করা হয়েছে। মাঝেমধ্যে অভিযান চালানো হলেও দীঘিটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দখলদার কারা, কারা শ্রেণি পরিবর্তন করেছে কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেÑসেসবের কোনো তালিকাও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রস্তুত করেনি। এ বিষয়ে নীরব রয়েছে সিডিএ এবং চসিকও। সরেজমিন দেখা যায়, কচুরিপানায় ভরে গেছে দীঘিটি। তিন পাশে অন্তত ২০টি বহুতল ভবন রয়েছে। অন্য পাশে টিনশেড ঘর ও নোংরা-স্যাঁতসেঁতে পরিবেশ। পাশের ফার্নিচার মার্কেট ও আবাসিক ভবন থেকে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে দীঘিতে। এতে দখল ও দূষণে ঐতিহ্যবাহী জলাশয়টি অস্তিত্ব সংকটে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, ১৬৬৯ সালে মোগল ফৌজদার নবাব আসকার খাঁ আট একরের এই দীঘি খনন করেন। প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাস বহনকারী দীঘিটির বর্তমান মালিকদের মধ্যে শিল্পপতি শওকত আলী ও সুলাইমান আলম শেঠসহ কয়েকজন রয়েছেন। তবে সংরক্ষণে তাদেরও কোনো উদ্যোগ নেই। চারদিক থেকে সংকুচিত হয়ে পড়া দীঘিটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে নগরীর পাহাড়তলীর প্রায় ৫০০ বছরের পুরোনো ভেলুয়া সুন্দরীর দীঘি স্থানীয় ইতিহাস, লোককথা ও ঐতিহ্যের অংশ। ১৯৮২ সালে রেলওয়ের ইজারা দেওয়ার পর থেকেই দখল শুরু হয়। গত চার দশকে দীঘির পাড় দখল করে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ বস্তি ও শত শত অবৈধ স্থাপনা। স্থানীয়দের মতে, একসময়ের ১৪ একরের দীঘি এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। চারপাশের পাড় ভেঙে পড়লেও সংরক্ষণে কোনো উদ্যোগ নেই।
১৯০৮ সালে চট্টগ্রামে রেলপথ নির্মাণের মাটি সংগ্রহের জন্য গোসাইলডাঙ্গা মৌজায় ২৭.৪ একর আয়তনের আগ্রাবাদ ডেবা খনন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে জলাশয়টি ছোট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অসচেতনতার কারণে এটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারপাশে কয়েকশ অবৈধ দখলদার স্থাপনা গড়ে তুলেছে। এছাড়া আংশিক মালিকানা নিয়ে চট্টগ্রাম বন্দর ও রেলওয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ধীরে ধীরে জলাশয়টি বিলীন হলেও সংশ্লিষ্টদের নজর নেই। নগরীর আন্দরকিল্লা মোড়ের পাশে একসময় ০.২৯ হেক্টরের রাজাপুকুর ছিল। এলাকাটি এখনো রাজাপুকুর লেন নামে পরিচিত হলেও পুকুরটির অস্তিত্ব নেই। গত তিন দশকে এটি ভরাট করে চারটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।
মতামত দিন