যেকোনো মূল্যে আওয়ামী অপশক্তিকে রুখে দিতে হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ‘আমরা লক্ষ করছি, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষতির মধ্য দিয়ে একটি নৈরাজ্যকর পরিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ‘আমরা লক্ষ করছি, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষতির মধ্য দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘দেশে জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদ তাদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।’ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিরোধীদলীয় নেতার বাসভবনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন স্থানে বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জোটটি। প্রেস ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, ‘আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে পর্যালোচনা হয়েছে। ফ্যাসিবাদীদের মোকাবেলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে আজ বৈঠকে মিলিত হয়েছি।

এখান থেকে আমরা জাতির কাছে যে ইস্পাতকঠিন ঐক্যের বার্তা দিতে চাই তা হলো—আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। আর দেশের জনগণকে নিয়েই রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করে আমরা এই অপশক্তিকে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন—যা গণভোটের মাধ্যমে জনগণের রায় হিসেবে প্রতিফলিত হয়েছে। আমরা মনে করি, সেই গণভোটের রায় কার্যকর না করাটাই আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

কাজেই আমরা গণভোটের রায় কার্যকর করাসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি।’ মামুনুল হক বলেন, ‘আমরা আশা করব, বাংলাদেশের সকল জনগণ যেভাবে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছিল, তারা আবারও তাদের সেই ঐক্যের জানান দেবে।" তিনি আরও বলেন, "নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—নৈরাজ্যের মাধ্যমে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনোদিন একটি দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে বলে তারা যদি মনে করে থাকে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই সকল নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি যোগ করেন, ‘সেই সাথে যে সকল বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ইতোমধ্যে নৈরাজ্যবাদীদের সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেছেন, যাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় যাদের বাড়িঘর ও রাস্তাঘাটে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে—এই সকল অগ্নিসংযোগ ও সন্ত্রাসী আক্রমণে ক্ষতিগ্রস্ত সবার প্রতি এগারো দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। আমরা আশা করব, সরকার কঠোর হস্তে এই নৈরাজ্য দমন করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗