চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসা থেকে নারীর লাশ উদ্ধার
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসা থেকে হাত-পা বাঁধা এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের জোড় পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলায় বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধ মহিলার নাম লুৎফুন নাহার (৬৫)। রাতেই চাঁদপুর সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত লুৎফুন নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তিনি এক ছেলে ও পাঁচ কন্যাসন্তানের জননী।
ছেলে জাপানপ্রবাসী। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। চলতি মাসের ১ নভেম্বর তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার রাতে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুন নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তার নাতি বাঁধন বাড়ির নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে বলেন। পরে বাড়ির দারোয়ান দেলোয়ার বাসায় গিয়ে ভেতরে ঢুকে প্রথম কক্ষে তাকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী জানান, ঘটনার সময় তিনি বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নাতির ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে ওই নারীর লাশ দেখতে পান। পরে বিষয়টি ভবন মালিককে জানান। ভবন মালিক আসিফ খান জানান, রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাকে ফোনে বাসায় হত্যাকাণ্ডের খবর দেন। তিনি বিষয়টি পুলিশকে জানান। নিহতের নাতি বাঁধন জানায়, কয়েক দিন আগে তার নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন।
ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে, তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে। এ জন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারে, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি। নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তারা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। গত রাতে একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে তিনি বাড়ির নিরাপত্তাকর্মীকে ফোন করে খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী ফোনে কথা বলতে বলতেই ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ভেতরে মায়ের মরদেহ দেখতে পান।
মতামত দিন