ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে
পরিবেশবান্ধব হিসেবে নিজেদের তুলে ধরার প্রচার চালালেও ফিলিস্তিনের পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এ বিষয়ে আল-জাজিরায় মতামতধর্মী একটি নিবন্ধ লিখেছেন গাজার ফিলিস্তিনি লেখক রিফাত ইব্রাহিম। নিবন্ধটি প্রথম আলোর পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো।চলতি বছরের জলপাই সংগ্রহ মৌসুমের এক মাস পেরিয়েছে মাত্র। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা ৪ হাজার ৫০০টি জলপাইগাছের ক্ষতি করেছে বা উপড়ে ফেলেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত তাঁরা ধ্বংস করেছেন এক লাখ জলপাইগাছ। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার প্রায় ২০ লাখ জলপাইগাছের ৯৭ শতাংশই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ১৯৬৭ সালে ইসরায়েল গাজা ও পশ্চিম তীর দখলের পর থেকে ২০১০-এর দশক পর্যন্ত তারা ৮ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস করেছে।জলপাইগাছ উপড়ে ফেলার সেই ভয়াবহ দৃশ্য আমার মনে পড়ে যায়। আমার দাদার জলপাইবাগানের গাছগুলো উপড়ে ফেলার দৃশ্য। যখনই শুনি, জলবায়ু, জীববৈচিত্র্য কিংবা মরুকরণবিষয়ক কোনো সম্মেলনে নিজেদের ‘বিশেষ দক্ষতা’ জাহির করতে ইসরায়েল আবার একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে, তখনই সেই স্মৃতি ফিরে আসে। তাদের দাবি, তারা ‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে দিতে’ জানে। ‘বৃক্ষ হন্তারকেরা’ দীর্ঘদিন ধরে এই অলীক দাবিই প্রচার করে আসছে।জলপাইগাছ ধ্বংস করাটা ফিলিস্তিনের ভূমির বিরুদ্ধে ইসরায়েলের বৃহত্তর যুদ্ধের একটি দিক মাত্র। এই যুদ্ধ চলছে ফিলিস্তিনের উদ্ভিদ, মাটি, পানি ও সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর। ১৯৪৮ সালের নাকবার পর থেকে ইসরায়েলের ঔপনিবেশিক নীতি শুধু ভূমি দখল এবং সেখানকার মানুষকে উচ্ছেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তারা প্রাকৃতিক পরিবেশের চেহারাও বদলে দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যাঁরা এই ভূমিতে বসবাস ও চাষাবাদ করেছেন, তাঁদের টিকিয়ে রাখার প্রাকৃতিক সক্ষমতাও ধ্বংস করে দিয়েছে।অর্থাৎ নিজেদের পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার প্রচারের বিপরীতে ইসরায়েল ফুলে-ফলে ভরা ফিলিস্তিনকে জ্বালিয়ে–পুড়িয়ে বিনাশ করে দিয়েছে।‘মরুভূমি’ নতুন করে সাজানোর চেষ্টা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে প্রথম জায়নবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা যখন ফিলিস্তিনে আসতে শুরু করেন, তখন তাঁরা এমন এক ‘মরুভূমি’ দেখতে পান, যা আগে থেকেই ফুলে-ফলে ভরা ছিল। ফিলিস্তিনের ভূমিতে শুধু স্থানীয় মানুষের চাহিদা মেটানোর মতো খাদ্যই উৎপাদিত হতো না, প্রতিবেশী অঞ্চলগুলোতেও তা রপ্তানি করা হতো। এসব অঞ্চলের অনেকগুলোই তখন ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এমনকি ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপেও যেত ফিলিস্তিনের কৃষিপণ্য।ফিলিস্তিনিরা গম, যব ও ওটস চাষ করতেন। জলপাই ও বিভিন্ন ফলের গাছ থেকে ফল সংগ্রহ করতেন। ভূমধ্যসাগরের কাছাকাছি উপকূলীয় এলাকা ছিল সবুজে ঘেরা বাগান। সেখানে নানা ধরনের শাকসবজি ও ফল উৎপাদিত হতো। দক্ষিণের অপেক্ষাকৃত শুষ্ক নাকাব মরুভূমিতে বেদুইন গোত্রগুলো ভেড়া, ছাগল ও উটের পাল চরাত। এসব পশু থেকে তারা মাংস, দুধ ও পশম পেত।ফিলিস্তিনিরা তাঁদের বসবাসের এলাকার বিভিন্ন বাস্তুতন্ত্রের সঙ্গে মিলেমিশে থাকতেন। জলাভূমি থেকে শুরু করে শুষ্ক মরুভূমি, সবখানেই তাঁরা স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করতেন।
প্রকৃতিকে নিজেদের মতো করে বদলে ফেলার চেষ্টা না করে তাঁরা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী চাষাবাদ করতেন। শুষ্ক এলাকায় চাষ করতেন খরা সহনশীল স্থানীয় ফসল। আর পানির উৎসের কাছাকাছি উপত্যকায় ফলাতেন বেশি সেচনির্ভর ফসল।অন্যদিকে ইউরোপ থেকে আসা জায়নবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের প্রাকৃতিক পরিবেশকে নিজেদের পরিচিত পরিবেশের আদলে বদলে দিতে চেয়েছিলেন। তাঁরা ইউরোপ থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপণ করেন। এর মধ্যে ছিল স্টোন পাইন। কোনো কোনো ক্ষেত্রে জলপাইগাছসহ স্থানীয় প্রজাতির গাছ উপড়ে ফেলে এসব গাছ লাগানো হয়। তাঁরা জলাভূমি শুকিয়ে ফেলেন, নদী-নালার গতিপথ পরিবর্তন করেন। এমনকি মরুভূমির বিস্তীর্ণ এলাকাতেও বন গড়ে তোলার চেষ্টা করেন।এসব কর্মকাণ্ডের কিছু স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। এর একটি উদাহরণ ইউক্যালিপটাসের মতো বিদেশি উদ্ভিদ প্রজাতির বিস্তার। এই গাছে সহজেই আগুন ধরে যায়। এর ফলে দাবানলের ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর তীব্রতা।প্রাকৃতিক পরিবেশ বদলে দেওয়ার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলা। লুটপাট করা ফিলিস্তিনি গ্রামগুলোর ধ্বংসাবশেষের ওপর গাছ লাগানো হয়, যাতে সেসব চিহ্ন ঢেকে যায়। ইউরোপীয় আদলে গড়ে তোলা কৃষিব্যবস্থা ফিলিস্তিনিদের স্থানীয় কৃষিপদ্ধতিগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। অথচ শত শত বছর ধরে এসব পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে আসছিলেন ফিলিস্তিনিরা।ফিলিস্তিনে পরিবেশবিনাশ ফিলিস্তিনের ভূমির ওপর জায়নবাদী আক্রমণ ১৯৪৮ সালের সীমানায় থেমে থাকেনি। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীর ও গাজা দখল করার পরপরই সেখানে সামরিক শাসন জারি করে। এই শাসনের আওতায় আসে শুধু মানুষ নয়, প্রাকৃতিক সম্পদও।এই প্রক্রিয়ায় পানির ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকৃত ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি যত বিস্তৃত হয়েছে, বসতি স্থাপনকারীরা তত বেশি স্থানীয় পানিসম্পদের নিয়ন্ত্রণ নিয়েছেন। বর্তমানে ইসরায়েলের জাতীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোত একটি বিস্তৃত পানি সরবরাহব্যবস্থা পরিচালনা করে।এই পানি ব্যবস্থার মাধ্যমে ফিলিস্তিনের শহর ও গ্রাম থেকে পানি সরিয়ে ইসরায়েলি বসতিগুলোতে নেওয়া হয়। গ্রীষ্মকালে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায়ই ফিলিস্তিনিদের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।পানি চুরির এ ঘটনা ফিলিস্তিনের কৃষি ও বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করেছে।অন্যদিকে ভূমি দখলের সঙ্গে শুধু ফিলিস্তিনিদের ওপর সহিংসতাই জড়িত নয়। তাঁদের জমির মাটির ওপরও চালানো হয়েছে সহিংসতা। বছরের পর বছর ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের জমিতে কীটনাশক ছিটিয়েছেন। এর উদ্দেশ্য ছিল কৃষকদের তাঁদের জমিতে কাজ করা থেকে বিরত রাখা। এ ছাড়া গাছ ও অন্যান্য উদ্ভিদ পুড়িয়ে দেওয়া এবং উপড়ে ফেলা হয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মাণকাজও মাটির ক্ষতি করেছে।
ফলে বেড়েছে ভূমিক্ষয়।গাজায় পরিবেশবিনাশের মাত্রা পৌঁছেছে চরম পর্যায়ে। গাজা উপত্যকায় চালানো জাতিগত নিধনমূলক যুদ্ধে কৃষিজমি, গাছপালা, মাটি ও পানির ব্যাপক ক্ষতি হয়েছে।বোমাবর্ষণ ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কারণে এই ক্ষতি আরও বেড়েছে। ইসরায়েল গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ ভবন ধ্বংস করেছে। এসব ভবনের ধ্বংসস্তূপের পরিমাণ আনুমানিক ৭ কোটি টন। এতে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ। ইসরায়েলের বোমাবর্ষণে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, টাংস্টেন ও অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতু ছড়িয়ে পড়েছে। ছড়িয়েছে টিএনটি, আরডিএক্স ও পারক্লোরেটের মতো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক যৌগও।এসব বিষাক্ত পদার্থ মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যাচ্ছে। এতে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার প্রভাব বহু বছর ধরে থেকে যেতে পারে।ভবন ও জমিতে বুলডোজার চালানোর কাজ এখনো চলছে। এতে মাটির ওপরের উর্বর স্তরও উঠে যাচ্ছে। এই স্তরে থাকে উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান। ফলে কৃষিজমির উর্বরতা আরও কমে যাচ্ছে।উপনিবেশবাদীর মানসিকতা এখানে একটি বড় বৈপরীত্য রয়েছে। ইসরায়েলিরা দাবি করেন, এই ভূমির ওপর তাঁদের প্রাচীন অধিকার রয়েছে। অথচ তাঁরাই সেই ভূমির ক্ষতি করছেন, ধ্বংস করছেন। বিষয়টি সত্যিই বিস্ময়কর।একজন উপনিবেশবাদীর কাছে ভূমি হলো দখল, মালিকানা প্রতিষ্ঠা ও শোষণের বস্তু। বস্তুগত সুবিধা আদায়ের জন্য ভূমিকে শোষণ করাই ঔপনিবেশিক সম্পর্কের বৈশিষ্ট্য। সেখানে যত্নের কোনো জায়গা নেই। ভূমির প্রতি দায়িত্বশীল অভিভাবকসুলভ মনোভাবও নেই। ভূমির সঙ্গে আত্মিক সম্পর্কও নেই।ফিলিস্তিনের ভূমি নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি হলো, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিষ প্রয়োগ করো, ধ্বংস করো। এর সঙ্গে ফিলিস্তিনিদের দৃষ্টিভঙ্গির রয়েছে তীব্র বৈপরীত্য। ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনিরা ধারাবাহিক হামলা, ধ্বংসযজ্ঞ, সম্পদ লুট ও বঞ্চনার শিকার হয়েছেন। তা সত্ত্বেও তাঁরা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নতুন করে ঘরবাড়ি গড়েছেন, গাছ লাগিয়েছেন, জমি চাষের উপযোগী করেছেন।আমার নিজের দাদা হামদান ফিলিস্তিনিদের এই মানসিকতার একটি উদাহরণ। চার দশক ধরে তিনি ৮ দুনাম (প্রায় ২ একর) জমির একটি জলপাইবাগানের পরিচর্যা করেছেন। প্রতি মৌসুমে সেই বাগান থেকে ১ হাজার ৫০০ কেজি জলপাই তেল উৎপাদিত হতো।২০০৮ সালের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে বাগানটি গুঁড়িয়ে দেয়।
কিন্তু দাদা হাল ছাড়েননি। আমার সহযোগিতায় তিনি আবার জলপাইগাছ লাগান। বাগানটি যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন ২০১৪ সালের যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী সেটি আবার ধ্বংস করে দেয়।দাদার কাছে জলপাইগাছগুলো শুধু জীবিকার উৎস ছিল না। তিনি গাছগুলোকে নিজের সন্তানের মতো দেখতেন। বছরের পর বছর যত্নে বড় করে তোলা এসব গাছ ছিল তাঁর কাছে পরিবারের সঙ্গে ভূমির বন্ধনের প্রতীক। ২০১৪ সালে গাছগুলো ধ্বংস করা হয়। সেই ধাক্কা সামলাতে না পেরে এক সপ্তাহের কম সময়ের মধ্যে মারা যান আমার দাদা।আমরাও হাল ছাড়িনি। ২০১৫ সালে আমার পরিবার আবার সেই জমি পুনরুদ্ধার ও সেখানে জলপাইগাছ লাগানোর উদ্যোগ নেয়। কয়েক মাস লেগেছিল কাজটি শেষ করতে। এরপর গাছগুলোতে ফল ধরতে সময় লাগে তিন বছর। আমরা দুই মৌসুম জলপাই সংগ্রহ করতে পেরেছিলাম। কিন্তু ২০২১ সালের যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী আবার বাগানটিতে বোমা হামলা চালায়।জমিটির এতটাই ক্ষতি হয়েছিল যে সেখানে আর জলপাই চাষ করা সম্ভব ছিল না। বিষাক্ত পদার্থের দূষণ দূর করতে এবং বোমার আঘাতে তৈরি গর্তগুলো ভরাট করতে অনেক সময় লেগেছিল। তারপরও জমির কিছু অংশে গমের মতো মৌসুমি ফসল চাষ করতে পেরেছিলাম। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি সেনাবাহিনী আবার বাগানটি ধ্বংস করে দেয়।আজও আমি সেই জমিতে নতুন করে গাছ লাগাতাম। কিন্তু জমিটি এখন ক্রমাগত সম্প্রসারিত হতে থাকা ইসরায়েলি ‘ইয়েলো লাইন’-এর ওপারে পড়ে গেছে।ভূমির পরিচর্যার এই আকাঙ্ক্ষা ফিলিস্তিনিদের মনে এত গভীরভাবে প্রোথিত যে বাস্তুচ্যুত মানুষের শিবিরেও এর প্রকাশ দেখা যায়। তাঁবুর সামনে ছোট ছোট বাগান করছেন তাঁরা। সেখানে লাগাচ্ছেন পুদিনা, তুলসী ও ফুলের গাছ।ইসরায়েলের এত প্রচার ও পরিবেশবান্ধবতার মুখোশের পরও বিশ্ববাসীর কাছে বিষয়টি ক্রমেই স্পষ্ট হচ্ছে, পবিত্র ভূমিকে কে ফুলে-ফলে ভরিয়ে তুলতে পারে। যারা ধ্বংস করে, বিষ ছড়ায় ও বুলডোজার চালায়, তারা নয়। বরং যারা এই ভূমির শিকড়ে গভীরভাবে প্রোথিত, যারা গাছ লাগায়, ফসল ফলায় ও যত্ন নেয়, তারাই পারে। তারাই এই ভূমির প্রকৃত মালিক।
মতামত দিন