হামিদ-চুপ্পুর চিকিৎসক এখনো বঙ্গভবনে

পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের দেখভাল করেছেন। পরের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিশ্বস্ত হিসেবে তারও ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছ

পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের দেখভাল করেছেন। পরের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিশ্বস্ত হিসেবে তারও ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই একই ব্যক্তি এখনো বঙ্গভবনে বহাল থেকে বিএনপি মনোনীত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শরীর-স্বাস্থ্য দেখাশোনা করছেন। ভাগ্যবান এই চিকিৎসকের নাম কর্নেল একেএম ফয়জুল হক। শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুর্গখ্যাত আলোচিত জেলা গোপালগঞ্জের অধিবাসী হিসেবে বঙ্গভবনের চিকিৎসক নিয়োগ পেয়েছিলেন তিনি। তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন।

তার পিতা একেএম ফজলুল হক ছিলেন আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. একে আবদুল মোমেন তার আপন খালু। আওয়ামী সরকারের মন্ত্রী জাপার আনিসুল ইসলাম মাহমুদ তার খালাতো বোনের জামাই। শেখ হাসিনার পতন ও পলায়নের পর তাকে বঙ্গভবন থেকে অন্যত্র বদলির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কর্নেল ফয়জুল হকের বিষয়ে প্রবল আপত্তি থাকলেও তা আমলে নেওয়া হয়নি।

বঙ্গভবন ও সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে ফয়জুল হক আমার দেশকে বলেন, আমি সরকারি চাকরি করছি। রাষ্ট্রের প্রতি দায়বোধ থেকে আমাকে সরকার যখন যে দায়িত্ব দেয়, সেটা প্রতিপালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। বঙ্গভবন সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পরিবারের সদস্য হিসেবে ফয়জুল হক প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান। একে আবদুল মোমেন ও আনিসুল ইসলাম মাহমুদের নিকটাত্মীয় হওয়ায় প্রভাব বিস্তার করে তিনি বঙ্গভবনের গুরুত্বপূর্ণ পদে রয়ে যান। কর্মকর্তারা জানান, চুপ্পুর পদত্যাগের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনের কর্মকর্তাদের বিষয়ে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিবেদন নেওয়া হয়।

বঙ্গভবনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ফয়জুল হকের বিষয়ে তিনটি নেতিবাচক মন্তব্য করা হয়। প্রথম মন্তব্যে বলা হয়েছে, ফয়জুল হক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে লে. কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতি পান। নিয়মানুযায়ী এফসিপিএস ও এমডিসহ বড় ডিগ্রি ছাড়া কর্নেল হওয়ার সুযোগ নেই।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗