দেশজুড়ে আওয়ামী তাণ্ডব
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। মিরপুরে সোয়া দুই কেজি গান পাউডারসহ নিষিদ্ধ দলটির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পলাতক কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে, দেশের বিভিন্ন স্থানেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে ঘুমন্ত হেলপারকে হত্যা করেছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী দৃর্বুত্তরা ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন দিয়েছে। নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রাজশাহী ও বরিশালে গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চালিয়েছে তারা। গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোলবোমা ও ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার এসব ঘটনা ঘটে। মিরপুরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। গতকাল সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ আওয়ামী নেতাকর্মী লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনের নিচে ভাঙচুর চালায়। ভবনটির চারতলায় ডিএনসিসি প্রশাসক মিলটনের ব্যক্তিগত কার্যালয় রয়েছে।
হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে তারা কার্যালয়ে ঢুকতে পারেনি। ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটেও ভাঙচুর করা হয়। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার আগে হঠাৎ শতাধিক লোক এসে হামলা চালায়। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িটি নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর।
পুলিশ জানিয়েছে, ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি মিছিল নিয়ে এসে বাড়িটিতে হামলা চালায়। তারা বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। ভাঙচুর করা হয় কেয়ারটেকারের কক্ষও। পরে স্থানীয় লোকজন ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাফরুল থানার এএসআই শিলা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। মিরপুরে নাশকতার অভিযোগে দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তাররা হলোÑমামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং মেঘলা মিলি (৪১)।
মতামত দিন