বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি
বিশ্ববাজারে ভারতীয় দার্জিলিং ও আসাম কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের পরিচিতি থাকলেও বাংলাদেশের চা এখনো সেভাবে জায়গা করে নিতে পারেনি। এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের চা জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা নেবে প্রতিষ্ঠানটি।এ পরিকল্পনার অংশ হিসেবে ‘সিলেট চা’ নামে নতুন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড চালু করেছে লন্ডন টি এক্সচেঞ্জ। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির এই উদ্যোগে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাগানজা রাজপরিবারের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া দে সোসা আরাউজো মার্টিনস, লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি, সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরী, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি কামরান টি রহমান।লন্ডন টি এক্সচেঞ্জ জানিয়েছে, নতুন ব্র্যান্ডের চায়ের জন্য ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ থেকে ক্রয়াদেশ পাওয়া গেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্লাজা প্রিমিয়ামের সঙ্গে একটি চুক্তি করেছে তারা, যার আওতায় প্রায় ৭০টি দেশের ৭০০টি বিমানবন্দর লাউঞ্জে চা সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এসব লাউঞ্জে বাংলাদেশের ‘সিলেট চা’ পরিবেশন করা হবে।লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা রপ্তানি করা। আমরা দেখেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও অতিরিক্ত প্রায় ১ কোটি ৪০ লাখ কেজি চা অবশিষ্ট থাকে।
এই উদ্বৃত্ত চায়ের পুরোটাই বিশ্ববাজারে রপ্তানির সুযোগ তৈরি করতে চাই আমরা।’পাঁচ বছরের গবেষণায় ‘সিলেট চা’বাংলাদেশের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করার পরিকল্পনা নিয়ে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছেন বলে জানান শেখ আলীউর রহমান। ২০২১ সালে তিনি এই উদ্যোগের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করেন। তবে বাংলাদেশে লন্ডন টি এক্সচেঞ্জের নিজস্ব কার্যালয় ও মৌলভীবাজারে কারখানা চালু হয়েছে এক বছর আগে। এ ছাড়া রাজধানী সোনারগাঁও হোটেলে রয়েছে এক্সপেরিয়েন্স সেন্টার।বাংলাদেশে লন্ডন টি এক্সচেঞ্জের নিজস্ব কোনো চা-বাগান নেই। বর্তমানে দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে তারা। এসব বাগান থেকে চা সংগ্রহের পাশাপাশি উৎপাদনের মানোন্নয়নে শ্রমিক, ব্যবস্থাপক ও কারখানার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।শেখ আলীউর রহমান, চেয়ারম্যান, লন্ডন টি এক্সচেঞ্জবাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও অতিরিক্ত প্রায় ১ কোটি ৪০ লাখ কেজি চা অবশিষ্ট থাকে। এই উদ্বৃত্ত চায়ের পুরোটাই বিশ্ববাজারে রপ্তানির সুযোগ তৈরি করতে চাই আমরা।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ আলীউর রহমান বলেন, ‘বিশ্বের বড় শহরগুলোর পাঁচ তারকা হোটেলে দার্জিলিং, আসাম কিংবা সিলন চা পাওয়া যায়। কিন্তু সেখানে সিলেট বা চট্টগ্রামের চা কেন পাওয়া যায় না? এই প্রশ্ন আমাকে দীর্ঘদিন ভাবিয়েছে। পরে বুঝেছি, বাংলাদেশের চা-উৎপাদকদের মনোযোগ মূলত স্থানীয় বাজারে।
আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে।’বাংলাদেশের চা-শিল্পের অন্যতম সমস্যা উৎপাদিত চায়ের তুলনামূলক কম দাম। শেখ আলীউর রহমানের মতে, চা-বাগানগুলো ভালো দাম না পাওয়ায় শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। বাংলাদেশে সাধারণত প্রতি কেজি চা ২২০–২৫০ টাকার মধ্যে কেনাবেচা হতে পারে। তবে লন্ডন টি এক্সচেঞ্জ উন্নত মানের চায়ের জন্য প্রতি কেজি ৩৫০ টাকা থেকে দাম দেওয়া শুরু করেছে।বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনাবাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে লন্ডন টি এক্সচেঞ্জ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি কার্যালয়, শোরুম ও কারখানা স্থাপন করেছে। চা-বাগানের কর্মীদের প্রশিক্ষণ এবং পণ্যের মানোন্নয়নেও অর্থ ব্যয় করছে তারা। বিনিয়োগের সুনির্দিষ্ট পরিমাণ জানতে চাইলে শেখ আলীউর রহমান বলেন, ‘বাংলাদেশে আমরা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছি। বিনিয়োগের পরিমাণ কয়েক মিলিয়ন মার্কিন ডলারের পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনই নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে চাই না।’প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশে আধুনিক চা পরীক্ষাগার স্থাপন। বর্তমানে তাদের সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষার জন্য ভারত বা শ্রীলঙ্কায় পাঠাতে হয়।
মানদণ্ড পূরণ না হলে সেই চা কেনা হচ্ছে না।বর্তমানে সিলেট ও চট্টগ্রামের তিনটি সম্ভাব্য স্থানে আদর্শ চা-বাগান বা মডেল টি এস্টেট গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে বলে জানান শেখ আলীউর রহমান। তবে পুরোনো উৎপাদনপদ্ধতি পরিবর্তনে বাগানমালিকদের অনীহাসহ বিভিন্ন কারণে উদ্যোগটি এখনো সেভাবে এগোতে পারেনি। শেখ আলীউর রহমান মনে করেন, বাংলাদেশের চা-শিল্পে নিজস্ব আন্তর্জাতিক ব্র্যান্ডের অভাব রয়েছে। নতুন উদ্যোক্তা ও ব্র্যান্ড তৈরি হলে এ দেশের চা রপ্তানির বাজারও সম্প্রসারিত হবে।চা-শিল্পে তিন সংস্কারের পরামর্শবাংলাদেশের চা-শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে তিনটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন শেখ আলীউর রহমান। এগুলো হলো সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্যাকেজিং এবং শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি। শেখ আলীউর রহমানের মতে, চা–কে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করে চা-শিল্পের উদ্যোক্তাদের কৃষিভিত্তিক অন্যান্য প্রতিষ্ঠানের মতো ঋণসুবিধা দেওয়া প্রয়োজন। শেখ আলীউর রহমান বলেন, বিশ্ববাজারে ফল, ফুল, মসলা ও ভেষজ উপাদানমিশ্রিত মূল্য সংযোজিত চায়ের চাহিদা বাড়ছে। নতুন ‘সিলেট চা’ ব্র্যান্ডের অধীনে আগামী বছর আর্ল গ্রেসহ বিভিন্ন ধরনের মিশ্রিত চা বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মতামত দিন