পর্যটন আয়োজনের নামে ঝাউবন উজাড়, আইনি ব্যবস্থা চায় বেলা

কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সংরক্ষিত ঝাউবন কেটে উজাড় করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। কার্নিভালের নামে ঝাউবন নিধন অবিলম্বে বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্

কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সংরক্ষিত ঝাউবন কেটে উজাড় করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। কার্নিভালের নামে ঝাউবন নিধন অবিলম্বে বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এ দাবিতে বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আটটি দপ্তরের কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন পাঠিয়েছে বেলা। সংগঠনটির আইনজীবী এস.

হাসানুল বান্না স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কক্সবাজারের হোটেল-মোটেল জোনসংলগ্ন এলাকা, শৈবাল পয়েন্ট, পর্যটন করপোরেশনের গলফ মাঠসংলগ্ন এলাকা এবং কবিতা চত্বরে ঝাউগাছ কাটা হচ্ছে। ইতোমধ্যে এসব এলাকায় কাটা গাছের সারি ও গাছের গোড়া পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। চিঠিতে ঝাউবনের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলা হয়, উপকূলীয় অঞ্চলে বালুক্ষয় রোধ, ভূমির স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলায় ঝাউবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ধরনের বন ধ্বংস হলে উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বেলা আরও উল্লেখ করেছে, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে রাষ্ট্রকে পরিবেশ, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ কার্নিভালের আয়োজনের নামে সংরক্ষিত ঝাউবন কেটে ফেলা জাতীয় বননীতি ২০২৫ এবং প্রচলিত পরিবেশ আইন ও বিধিবিধানের পরিপন্থী। চিঠিতে বেলার পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে।

এগুলো হলো, অবিলম্বে ঝাউগাছ কাটা বন্ধ করা, এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং ইতোমধ্যে কেটে ফেলা গাছের পরিমাণ নিরূপণ করে ক্ষতিপূরণমূলক বনায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ঝাউবন পুনরুদ্ধার করা। সংগঠনটির মতে, পর্যটন উন্নয়ন বা বিনোদনমূলক আয়োজনের নামে উপকূলের প্রাকৃতিক বনভূমি ধ্বংসের কোনো সুযোগ নেই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗