নেতানিয়াহুর যুদ্ধাপরাধের বিচার ও গাজা যুদ্ধে সহযোগীদের জবাবদিহি চান আল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত আবদুল আল-সাইয়েদ বলেছেন, গাজায় যুদ্ধকালীন কর্মকাণ্ডের দায় থেকে ইসরাইলের নতুন সরকার নেতৃত্বকে অব্যাহতি দিতে পারে না। এর পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার বিচারের দাবি জানান তিনি। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার কথা রয়েছে তার। ওয়াশিংটনে দ্য আটলান্টিক সাময়িকীর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগ তোলেন তিনি।
আল-সাইয়েদ বলেন, ইসরাইলি সরকারের নেতৃত্বে যিনিই আসুন না কেন, অতীতের ঘটনা এবং যা কিছু ঘটেছে, তার মুখোমুখি হওয়া তার জন্য জরুরি। আমার মতে, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তার যুদ্ধাপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। যারা তার যুদ্ধাপরাধে সহায়তা ও প্ররোচনা জুগিয়েছে, তাদেরও এই অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকারও কঠোর সমালোচনা করেন আল-সাইয়েদ।
তিনি বলেন, ‘আমরা একটি গণহত্যায় সহায়তা করেছি, অস্ত্র সরবরাহ করেছি এবং প্ররোচনা দিয়েছি—এটাই বাস্তবতা। অথচ যখনই আমরা কোনো আলোচনা করি, তখন এমন আচরণ করি যেন এটি ইতিহাসের এমন একটি অংশ যা নিয়ে আমরা কথা বলতে চাই না। এটা পাগলামি! এটি অত্যন্ত অদ্ভুত যে, এই বিষয়টিই আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই।’ গাজায় অন্তত ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং তাদের অন্তত অর্ধেক শিশু বলে দাবি করেন তিনি। তবে তার উল্লেখ করা এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আল-সাইয়েদ আরো বলেন, ‘বিশ্বের অন্য কোনো দেশ যদি এমন কিছু করত, তাহলে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে আলোচনা করতাম।’ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ভবিষ্যৎ সমাধান নিয়েও কথা বলেন আল-সাইয়েদ । তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সরাসরি অবস্থান না নিয়ে তিনি বলেন, চূড়ান্ত সমঝোতা কী ধরনের হবে, তা ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিজেদেরই নির্ধারণ করা উচিত।
মতামত দিন