দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা: ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত একটি জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জান

ঢাকা: ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত একটি জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সব উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার যুগান্তকারী ঘোষণা দিয়ে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বুধবার (১৮ নভেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেন। সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকার তীব্র চিকিৎসা সংকট তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন।

তিনি উল্লেখ করেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস, যার অধিকাংশই নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। এই এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার মতো কোনো সরকারি হাসপাতাল না থাকায় এবং অন্যান্য হাসপাতালের বর্তমান দূরবস্থা ও সাধারণ মানুষের আর্থিক সীমাবদ্ধতা বিবেচনা করে তিনি অতি দ্রুত একটি আধুনিক সরকারি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান। তিনি জানান, এ বিষয়ে তিনি গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছিলেন, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নির্বাচনী এলাকার কাছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালসহ কিছু প্রতিষ্ঠান রয়েছে বটে, তবুও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তবে শুধু নতুন হাসপাতাল নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়িয়ে দিলেই সমস্যার সমাধান হয় না, বরং এর সঙ্গে আধুনিক চিকিৎসাসামগ্রী, দক্ষ জনবল এবং পরিচালনা ব্যয়সহ আনুষঙ্গিক বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করতে হয়।’ তিনি জানান, আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী অফিসে আসলে তার সঙ্গে বসে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া, দেশের ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী অধ্যুষিত ছয়টি এলাকায় ১০০ শয্যার ছয়টি নতুন হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত এরই মধ্যেই নেওয়া হয়েছে এবং শ্যামপুরের বিষয়টি অত্যন্ত অগ্রাধিকার দিয়ে দ্রুত বিবেচনা করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। আলোচনার এক পর্যায়ে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফিজিবিলিটি স্টাডির জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে কি না তা জানতে চান। এর জবাবে প্রধানমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘পলাতক স্বৈরাচারের আমলে দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল।

বর্তমান সরকারের এই অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন বেড বা শয্যা স্বাস্থ্যখাতে সংযোজন করা হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বড় ঘোষণা দিয়ে বলেন, ‘দেশের সব উপজেলার বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোর সঙ্গে আরও ১০০টি করে শয্যা যুক্ত করে সেগুলোকে ১৫০ শয্যায় রূপান্তর করার কাজ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে।’ আগামী পাঁচ বছরের মেয়াদের মধ্যে এই পুরো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।The post দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗