প্রথম ডেটে যাচ্ছেন? যেভাবে স্মরণীয় করে রাখবেন, মাথায় রাখুন এই টিপসগুলো
তিয়াসার সঙ্গে কমলের প্রথম কথা হয় ফেসবুকে। প্রথমে টুকটাক হলেও পরে প্রায়শই। আর ধীরে ধীরে ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এভাবেই শুরু হয়েছিল ওদের প্রেমপর্ব। প্রথম প্রথম ভিডিয়োকলেই কথাবার্তা সারত ওরা। অবশেষে একদিন দেখা করবে মনস্থির করল। দুজনেই মনে মনে ভাবল, এই প্রথম ডেট স্মরণীয় করে রাখা যায় না? আমাদের প্রথম দেখা হওয়াটাকে আমরা সকলেই স্মরণীয় করে রাখতে চাই। বাঙালি প্রেমের মূল্য দিতে জানে।
যদি আপনারও সামনে এসে থাকে জীবনের সেই বিশেষ দিনটি, তবে নার্ভাসনেস দূরে সরিয়ে রাখুন। প্রথম ডেট স্মরণীয় করে তুলতে কী করবেন? জেনে নিন দুর্দান্ত কিছু টিপস। ছবি: সংগৃহীত ফোন দূরে রাখুন, চোখ রাখুন চোখে প্রথম ডেট মানেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে একে অপরের মুখোমুখি হওয়া। এই সময়ে দয়া করে ফোনের স্ক্রিনে মুখ গুঁজে রাখবেন না। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের নোটিফিকেশন সামলানোর জন্য তো সারাজীবনই আছে। বরং ওই বিশেষ ক্ষণে সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। সময় কাটান খোশগল্পে। বাড়ি ফেরার তাড়া না রেখে একসঙ্গে কিছুটা সময় উপভোগ করুন।
হ্যাঁ, সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করতে সঙ্গীর সঙ্গে একটা ভালো সেলফি তুলতে ভুলবেন না যেন! অতীতের দুঃখ নিয়ে বিলাপ করতে যাবেন না প্রথম ডেট মানেই নস্টালজিয়ায় ভেসে যাওয়া নয়। মনের ভাণ্ডার থেকে প্রাক্তনের প্রতারণার গল্প বা অতীত সম্পর্কের ব্রেকআপের দুঃখের খাতা প্রথম দিনেই খুলবেন না। অপ্রাসঙ্গিক কথা বা কান্নার রোল তুলে প্রথম ডেটের মিষ্টি রোমাঞ্চ মাটি করবেন না ভুলেও! অতীতের পাতা ওলটানোর বদলে কথা বলুন নিজেদের নিয়ে। বর্তমান সম্পর্ক নিয়ে দুজনে কী ভাবছেন, কর্মক্ষেত্রের সুখ-দুঃখ, পড়াশোনা কিংবা লুকোনো স্বপ্নগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিন। বিদেশে পড়ার প্ল্যান বা আপনাদের কোনও কমন ইন্টারেস্ট থাকলে তা নিয়েও দিব্যি জমে উঠতে পারে আড্ডা। কমফর্ট সবার আগে প্রথম দেখায় দারুণ দেখতে লাগার চক্করে এমন কোনও নতুন পোশাক পরবেন না যাতে আপনার নিজেরই অস্বস্তি হয়। যে পোশাকে আপনি সবথেকে বেশি স্বচ্ছন্দ, সেটাই বাছুন।
আরামদায়ক এবং মার্জিত পোশাক পরলে আপনার আত্মবিশ্বাসও এক লহমায় অনেকটা বেড়ে যাবে। নিজের মনকে গুরুত্ব দিন ভার্চুয়াল দুনিয়ার চ্যাট আর সামনাসামনি মেলামেশার মধ্যে আকাশ-পাতাল তফাত থাকে। তাই প্রথম ডেট শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় নিজেকেই প্রশ্ন করুন। মানুষটাকে কি সত্যিই আপনার ভালো লাগল? তাঁর সঙ্গে কি মানিয়ে নিতে পারবেন? তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় কাটান, একে অপরকে জানুন। কারণ সম্পর্ক মজবুত করতে হলে বোঝাপড়ার বিকল্প কিছু নেই।
মতামত দিন