ফিলিস্তিনিদের যৌন নির্যাতনে ইউরোপে প্রশিক্ষিত কুকুর ব্যবহার হচ্ছে: আলবানিজ
ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনে ইউরোপের দেশগুলোতে প্রশিক্ষণ দেওয়া কুকুর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তার দাবি, এসব কুকুর বিক্রি করে ইউরোপের কিছু মানুষ মুনাফা করছে। বিষয়টিকে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের ইংরেজি সংস্করণে আলবানিজের এই বক্তব্যসংবলিত একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে রয়েছে, ‘ইউরোপীয় দেশগুলোতে প্রশিক্ষিত কুকুর দিয়ে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করা হচ্ছে। ইউরোপের মানুষ ফিলিস্তিনিদের ধর্ষণের কাজে ব্যবহৃত কুকুর বিক্রি করে মুনাফা করছে।
এটি জঘন্য।’ আলবানিজের এই বক্তব্যের প্রেক্ষাপট পাওয়া যায় গত ৪ নভেম্বর আয়ারল্যান্ডের পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির বৈঠকে। সেখানে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক। তার বক্তব্যের লিখিত বিবরণও আয়ারল্যান্ডের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে কুকুর ব্যবহারের অভিযোগসহ তার বক্তব্য তুলে ধরে। বৈঠকে আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব নির্যাতনের ব্যাপকতা ও ধরন আরো ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
বন্দীদের সাক্ষ্য উল্লেখ করে আলবানিজ বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে এসব কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে সেগুলো বিক্রি বা ইসরাইলে পাঠানো হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের প্রয়োগ না হওয়ায় ইউরোপের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গত জুনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা। সেখানে ইসরাইলের বিভিন্ন বন্দিশিবির ও কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনির সাক্ষ্য তুলে ধরা হয়। তাদের মধ্যে কয়েকজন কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন।
প্রতিবেদনে মোহাম্মদ জাকি আল-বাকরি নামের গাজার এক সাবেক বন্দীর বক্তব্য তুলে ধরা হয়। তার দাবি, ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়, হাত-পা বেঁধে রাখা হয় এবং একটি বড় কুকুর দিয়ে যৌন নির্যাতন করা হয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরো কয়েকজন সাবেক বন্দী। আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এসব সাক্ষ্যে শুধু কুকুর দিয়ে আক্রমণের অভিযোগই নয়, বন্দীদের নগ্ন করা, মারধর, চোখ বেঁধে রাখা, যৌন নিপীড়ন এবং নির্যাতনের দৃশ্য ধারণের মতো ঘটনার কথাও উঠে এসেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজও ওই অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন।
মতামত দিন