সিরাজগঞ্জে কানের দুলের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেফতার ৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মায়ের কানের দুল হাতিয়ে নিতে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে, তার সহযোগী বন্ধু এবং চুরি করা দুল কেনার অভিযোগে এক সোনার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের একটি বাড়ি থেকে মতিফুল বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়।
পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য সামনে আসে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মায়ের কানের দুল নেওয়ার পরিকল্পনা করে আশরাফুল ও তার এক বন্ধু। অভিযোগ রয়েছে, তারা দুজন মিলে মতিফুল বেগমকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে ঘরের ভেতরে রেখে দেন। পরে তার কান থেকে দুল খুলে নিয়ে একটি সোনার দোকানে বিক্রি করেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধারের ৫৫ মিনিটের মধ্যেই অভিযুক্ত ছেলে ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়। বিক্রি করা কানের দুলও উদ্ধার করা হয়েছে। দুল কেনার অভিযোগে সোনার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।The post সিরাজগঞ্জে কানের দুলের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেফতার ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন