হুথিদের দখলে সৌদি ভূখণ্ডের একাংশ, দাবি টাকার কার্লসনের
ইয়েমেনের হুথিরা সৌদি আরবের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে মার্কিন গণমাধ্যমে কোনো খবর প্রকাশ করা হচ্ছে না। সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে. উইচার্টের সঙ্গে আলাপকালে কার্লসন বলেন, ‘হুথিরা এখন সত্যিকার অর্থেই সৌদি রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে।’ তিনি বলেন, ‘হুথিরা সৌদি আরবের একটি অংশ দখল করে রেখেছে।
বিষয়টি মার্কিন গণমাধ্যমে আলোচিত হচ্ছে কি না, তা আমার জানা নেই। তবে এটি বাস্তব ঘটনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ কার্লসন আরো বলেন, ‘এই মুহূর্তে কি সৌদি ভূখণ্ডে হুথি যোদ্ধারা অবস্থান করছে? হ্যাঁ, করছে।’ তবে সৌদি ভূখণ্ডে হুথিদের কথিত দখলদারত্বের বিষয়ে তিনি কোথা থেকে তথ্য পয়েছেন তা জানাননি কার্লসন। অবশ্য উপসাগরীয় অঞ্চলের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে কার্লসনের নিয়মিত যোগাযোগ রয়েছে।
গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, কার্লসন ভূমধ্যসাগরে অবস্থানরত ‘উপসাগরীয় কয়েকজন রাজপরিবারের সদস্যের প্রমোদতরিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পডকাস্টে কার্লসন দাবি করেন, চলতি সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত কার্লসনের সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরান ও ইসরাইলকে কেন্দ্র করে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।
তবে উইচার্টকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসন জানান, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছে।
মতামত দিন