ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে
যুদ্ধের আট মাস পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে স্থায়ী কোনো সমঝোতার লক্ষণ নেই; বরং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে সংঘাত এক নতুন রূপ নিয়েছে। বড় পরিসরে যুদ্ধের তীব্রতা কিছুটা কমলেও উত্তেজনা কমেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়ার বদলে সংঘাতটি একধরনের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থায় আটকে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেও যুদ্ধ দ্রুত শেষ করার কোনো তাগিদ দেখা যাচ্ছে না। গত সপ্তাহের শেষ দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়েছে।
আমরা তাদের অর্থ পেয়েছি, শত শত বিলিয়ন ডলার, আর পেয়েছি তাদের প্রণালি।’ এখানে তিনি পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালির কথা উল্লেখ করেছেন। একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ‘দুর্নীতি ও অপরাধের’ বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে বলেন। এর আগে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনার পর জুনে দুই পক্ষের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া গেছে। গত সপ্তাহের শুরুর দিকে তিনি বলেছিলেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’।
তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও হামলা চালাতে দ্বিধা করবেন না বলেও তিনি সতর্ক করেছিলেন। ট্রাম্পের এমন অবস্থানের মধ্যেই গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে তার দল রিপাবলিকান পার্টি। নির্বাচনে পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন ভ্যান্স। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য এবং ভ্যান্সের যুদ্ধের সমালোচনা রিপাবলিকান পার্টির ভেতরের মতপার্থক্যেরই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের অন্তত একটি অংশ সংঘাতের স্থায়ী সমাধান ছাড়াই বর্তমান পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী।
এর অর্থ হতে পারে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা। তবে এই দুটি বিষয়ই ইরানের জন্য বড় আপত্তির জায়গা। তেহরান বারবার বলেছে, এসব পদক্ষেপ প্রত্যাহারসহ তাদের অন্যান্য দাবি পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা শান্তি আলোচনা আবার শুরু করা হবে না। গত ৯ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি কর্মকর্তাদের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
মতামত দিন