রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ: পাকিস্তান যোগসূত্রে পাঞ্জাব থেকে নারীসহ গ্রেপ্তার ২
রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঞ্জাব থেকে এক নারীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সী দবিন্দর সিং। পুলিশের দাবি, মহকদীপ কৌর পাকিস্তানের দুই হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, যাদের নাম 'চাচা' এবং 'শাহ'। তদন্তে জানা গেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই নারীকে প্রেমের ফাঁদে ফেলে এবং অর্থের প্রলোভন দেখিয়ে এই নাশকতামূলক কাজে প্ররোচিত করেছিল। মহকদীপের স্বামী বর্তমানে মাদক পাচারের অভিযোগে কারাগারে রয়েছেন।
গত ৩ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংপুরের কাছে রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রেলের দুটি স্লিপার চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং সেখানে প্রায় ২.৫ ফুট গভীর গর্ত তৈরি হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগে ওই লাইন দিয়ে অনুপগড়-সুরাটগড় প্যাসেঞ্জার ট্রেনটি অতিক্রম করেছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। এছাড়া এই ঘটনায় সহায়তার অভিযোগে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা অভিযুক্তদের আবাসন, মোটরসাইকেল এবং ঘটনাস্থলে পৌঁছাতে সাহায্য করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
মতামত দিন