যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত ত্রুটিতে কয়েক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত, পুনরায় স্বাভাবিক উড্ডয়ন
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কেন্দ্রীয় যোগাযোগ ও ডেটা সিস্টেমে অপ্রত্যাশিত জটিলতার কারণে এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকার পর সংশ্লিষ্ট কারিগরি দল সমস্যার সমাধান করতে সক্ষম হলে ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে। তবে এই অচলাবস্থার কারণে দেশটির বিভিন্ন প্রধান বিমানবন্দরে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।এফএএ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাউটারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত তথ্যের চাপ বা ডেটা ওভারলোডের সৃষ্টি হয়েছিল। এর ফলে রাউটার থেকে প্রেরিত ও সংগৃহীত বিমান চলাচল সংক্রান্ত নির্দেশনামূলক তথ্যে স্পষ্ট অসংগতি লক্ষ্য করা যায়। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নিরাপত্তার স্বার্থে নিখুঁত তথ্যের ওপর নির্ভর করতে হয়। তাই সামান্যতম অসংগতিও বড় ধরনের বিমান দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে দেশব্যাপী ‘গ্রাউন্ড স্টপ’ বা বিমান উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জানান, প্রযুক্তিগত ত্রুটিটি দ্রুত শনাক্ত করে ডেটা প্রবাহ স্থিতিশীল করা হয়েছে। বিমান চলাচল সংক্রান্ত তথ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নিশ্চিত করার পরই উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কোনো ধরনের সাইবার হামলার আলামত পাওয়া গেছে কি না, তা খতিয়ে দেখতে বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিক বিশ্লেষণে অতিরিক্ত ডেটা ট্রাফিকের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ যান্ত্রিক বিপর্যয়কেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।সামগ্রিক এই অচলাবস্থার প্রভাব কেবল মার্কিন আকাশসীমায় সীমাবদ্ধ থাকেনি; আন্তর্জাতিক বহু ফ্লাইটের শিডিউলেও বড় ধরনের বিপর্যয় ঘটে। উড্ডয়ন পুনরায় শুরু হলেও সিডিউল ঠিক করতে বেশ কিছু সময় প্রয়োজন হতে পারে বলে বিভিন্ন এয়ারলাইনস সতর্ক করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে এফএএ-এর বর্তমান নেটওয়ার্ক ও রাউটার অবকাঠামো আধুনিকীকরণ এবং অতিরিক্ত ব্যাকআপ ব্যবস্থা নিশ্চিত করার দাবি আরও জোরালো হচ্ছে।
মতামত দিন