একজন কারাগারে, আরেকজনের দিন কাটে গ্রেপ্তার আতঙ্কে!

একটি রাজনৈতিক মামলায় আট নম্বর আসামি সাংবাদকর্মী ইয়ার রহমান আনান। একই মামলায় নয় নম্বরে রয়েছে আরেক সাংবাদকর্মী ফয়সাল আলম সাগরের নাম। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন আনান। আর গ্রেপ্তারের আশঙ্কায় দিন কাটছ

একটি রাজনৈতিক মামলায় আট নম্বর আসামি সাংবাদকর্মী ইয়ার রহমান আনান। একই মামলায় নয় নম্বরে রয়েছে আরেক সাংবাদকর্মী ফয়সাল আলম সাগরের নাম। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন আনান। আর গ্রেপ্তারের আশঙ্কায় দিন কাটছে ফয়সালের। ঘরে ছোট সন্তান, সামনে মাস্টার্স পরীক্ষা। এমন পরিস্থিতিতে সংসারের দায়িত্ব, পড়াশোনা আর মামলার দুশ্চিন্তা একসঙ্গে চেপে বসেছে তার জীবনে। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও এখন উদ্বেগ কাজ করছে বলে জানিয়েছেন এই সাংবাদকর্মী। ফয়সাল আলম সাগর বলেন, ‘আনানকে আট নম্বর আর আমাকে নয় নম্বরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আনানকে গ্রেপ্তার করা হয়েছে। খুবই টেনশনে আছি। আমার ছোট একটা বাচ্চা আছে। কিছুদিন পরেই আবার মাস্টার্সের পরীক্ষা। আমরা এখন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।’ ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয়দের ভাষ্য, একই পেশায় কাজ করেন তারা।

স্থানীয় সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা আর পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই কাটে তাদের সময়। কিন্তু একটি রাজনৈতিক মামলায় নাম আসার পর বদলে গেছে তাদের স্বাভাবিক জীবন। একজন ইতিমধ্যে কারাগারে, অন্যজন রয়েছেন গ্রেপ্তারের উদ্বেগে। শুধু তাই নয়, ইতিমধ্যে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে ডাক্তার দেখাতে গিয়ে ২০২৪ সালের একটি টমটম (অটোরিকশা) পুড়ানো মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন পেকুয়ার সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন। তিনি দৈনিক দেশ রুপান্তরে কাজ করেন। সহকর্মীদের মধ্যেও এ নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। সাংবাদিক ইয়ার রহমান আনান চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক। তিনি দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরোপ্রধান এবং দৈনিক গণসংযোগের চকরিয়া প্রতিনিধি। অন্যদিকে ফয়সাল আলম সাগর একই প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক এবং দৈনিক নবচেতনার ভ্রাম্যমাণ প্রতিনিধি। পুলিশের এজাহারে ইয়ার রহমান আনানকে কার্যক্রম নিষিদ্ধ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের সদস্য এবং ফয়সাল আলম সাগরকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এজাহারে স্পষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি। দলীয় পরিচয় উল্লেখ করা হলেও মামলার ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি। তিন সাংবাদিককে রাজনৈতিক মামলায় আসামি করার ঘটনায় সহকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

তাদের দাবি, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচার হতে পারে। তবে পেশাগত পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতার অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কাউকে হয়রানি করা উচিত নয়। স্থানীয় কর্মরত সাংবাদিকরা বলেন, ফয়সাল আলম সাগরের সামনে এখন মাস্টার্স পরীক্ষা। এ সময়টায় পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা থাকলেও মামলায় নাম আসার পর তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছোট সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের দায়িত্বের কথাও ভাবতে হচ্ছে তাকে। একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এখন নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি। সাংবাদিকতা কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না। আবার সাংবাদিক পরিচয় কাউকে হয়রানির শিকার করারও কারণ হতে পারে না। অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন চকরিয়ার সাংবাদিকেরা। এ ঘটনায় আনানের মুক্তি এবং ফয়সাল আলম সাগরসহ দুই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রতিবাদ সভা করে চকরিয়া প্রেসক্লাব। গত ১৭ নভেম্বর রাত আটটায় জনতা শপিংয়ে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল। এতে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

অন্যায়ভাবে কাউকে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। সভায় সাংবাদিক ইয়ার রহমান আনান ও ফয়সাল আলম সাগরকে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। ভবিষ্যতে কোনো সাংবাদিককে অন্যায়ভাবে মামলায় আসামি না করার আহ্বান জানান বক্তারা। সাংবাদিকদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ বা সমস্যা দেখা দিলে ক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে তা নিষ্পত্তির জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয়। দুই সাংবাদিককে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন। পরে তিনি প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে সাংবাদিক ইয়ার রহমান আনানের একটি রাজনৈতিক পোস্টারের ছবি পাঠান। তবে ওই পোস্টারের সঙ্গে মামলার অভিযোগের সম্পর্ক, ছবিটির সময়কাল কিংবা এটি আনানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ কি না, সে বিষয়ে ওসির কাছ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ বলেন, ‘আমি তখন ছিলাম না। ট্রেনিংয়ে ছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗