গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত
গণহত্যা সংঘটিত হয়েছে—আন্তর্জাতিক আদালতে এমন চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনে দায়ী করা যেতে পারে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর ফলে গণহত্যার ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া দেশগুলোর ওপর নতুন আইনি দায় তৈরি হতে পারে। বিশেষ করে ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ নিয়ে আইনি ও রাজনৈতিক চাপের মুখে থাকা যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোর জন্য এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
গত সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের অভিযোগসংক্রান্ত মামলায় রায় দেন আইসিজে। ওই রায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকরা গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আদালতের আগের অবস্থান থেকে সরে আসেন। তারা স্পষ্ট করে বলেন, গণহত্যা সংঘটিত হয়েছে—এমন সিদ্ধান্তের ওপর প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘনের দায় নির্ভরশীল নয়। আইন বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্তের ফলে কোনো দেশে গণহত্যা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে, আইনি সংজ্ঞা অনুযায়ী সেটি গণহত্যা কি না তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় না থেকে সরকারগুলোকে পদক্ষেপ নিতে হবে।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এরিক বিয়র্গে বলেন, এর আগে আইসিজের অবস্থান ছিল, কোনো রাষ্ট্র গণহত্যা প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘন করেছে বলে বিবেচিত হতে হলে বাস্তবে গণহত্যা সংঘটিত হতে হবে। তবে এ অবস্থান ব্যাপক সমালোচিত হয়েছিল। নতুন রায়ে আদালত আগের অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের মতো তৃতীয় কোনো রাষ্ট্র গণহত্যা প্রতিরোধের দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার আন্তর্জাতিক দায় নির্ধারণের জন্য আইসিজের পক্ষ থেকে আগে গণহত্যা সংঘটিত হওয়ার সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নেই। বিয়র্গে আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিষয়টি উপলব্ধি করে দ্রুত দেশটির নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।
রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলিব্যান্ড বলেন, আদালতের আগে যুক্তরাজ্য কখনো কোনো বিষয়কে গণহত্যা হিসেবে চূড়ান্তভাবে নির্ধারণ করেনি। আইসিজের রায় নিয়ে সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
মতামত দিন