গ্রামীণ ব্যাংকে হামলার নেপথ্যে কী
বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানীতে গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি প্রায় তিন দশকের পুরোনো নথিপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির ঋণসংক্রান্ত কাগজপত্র, গ্রাহকদের সঞ্চয়ের হিসাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল নষ্ট হয়েছে। হামলার কারণে শাখাটির স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কর্মীদের নিরাপত্তা এবং গ্রাহকদের আমানত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৮ নভেম্বর দুপুরে প্রায় ১২ জনের একটি দল দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে শাখাটিতে হামলা চালায়। ওই সময় ব্যাংকের কর্মীরা মাঠপর্যায়ে ঋণ ও অন্যান্য কার্যক্রমে ব্যস্ত ছিলেন।
শাখাটির ব্যবস্থাপক সোলায়মান মোরল জানান, হামলাকারীরা প্রথমে ব্যাংকে লুটপাট চালায়। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে ভল্ট কাটার চেষ্টা করে। তারা প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বের করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া স্টিলের আলমারি, ফাইল রাখার ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এমনকি এক কর্মীর ব্যক্তিগত রাইস কুকারও নিয়ে যায় হামলাকারীরা। সোলায়মান মোরল বলেন, ‘তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে ফেললে আর কাউকে ঋণ পরিশোধ করতে হবে না।’ হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোলায়মান জানান, হামলাকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুনেছেন তিনি। এ ছাড়া তারা ‘ইউনূসের আখড়া’ বলে অভিহিত করে ব্যাংকটি পুড়িয়ে দেওয়ার কথাও বলছিল। হামলার পর থেকে শাখাটির স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। কর্মীরা বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। অন্যদিকে, ব্যাংকে আমানত রাখা গ্রাহকেরা তাদের টাকা ও ঋণসংক্রান্ত নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সোলায়মান মোরল বলেন, ‘একটি ব্যাংক মূলত বিশ্বাসের ওপর নির্ভর করে চলে।
এসব ঘটনা গ্রাহকদের আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।’ কাশিয়ানীর ঘটনাটি বিচ্ছিন্ন কোনো হামলা নয়। বরং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার অংশ।
মতামত দিন