কাশ্মীর নয়, ছোট্ট ঘরেই হচ্ছে কেশর চাষ! অসাধ্য সাধন হাওড়ার সৌরভের, কীভাবে?

কাশ্মীর নয়, হাওড়াতেই চাষ হচ্ছে কেশর! অবাক হচ্ছেন? একেবারে অবাক হওয়ার মতোই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দাসনগরের বাসিন্দা সৌরভ মাইতি। বাড়িতেই কাশ্মীরের মতো পরিবেশ তৈরি করে একেবারে অসাধ্য সাধন করে ফেলেছেন।

কাশ্মীর নয়, হাওড়াতেই চাষ হচ্ছে কেশর! অবাক হচ্ছেন? একেবারে অবাক হওয়ার মতোই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দাসনগরের বাসিন্দা সৌরভ মাইতি। বাড়িতেই কাশ্মীরের মতো পরিবেশ তৈরি করে একেবারে অসাধ্য সাধন করে ফেলেছেন। সৌরভের কথায়, ইন্ডোর ফার্মিং করে এভাবে কেশর চাষ পশ্চিমবঙ্গে এই প্রথম। শুধু চাষ নয়, এর থেকে আয়ও করছেন। তবে নিজেকে এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না সৌরভ। চান তাঁর এই চাষকে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে। এজন্য নতুন প্রজন্মকে প্রশিক্ষণও দিতে চান হাওড়ার দাসনগরের এই বাসিন্দা। কিন্তু কীভাবে বাড়িতে কেশর চাষ করছেন? জানা যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রথমে নির্দিষ্ট একটি ঘর তৈরি করেছেন সৌরভ। বানিয়েছেন র‍্যাক।

কাশ্মীরের যে তাপমাত্রা হয় ও ওখানে যতক্ষণ সূর্যের আলো থাকে সেরকমই পরিবেশ ওই ঘরে তৈরি করা হয়েছে। কাশ্মীরে দিনেরবেলা ১০ ডিগ্রি ও রাতে ৫ ডিগ্রি তাপমাত্রা হয়। দিনের বেলা ১৫ থেকে কমে ১০-এ যায় ও রাতে ৭ থেকে কমে ধীরে ধীরে ৪ থেকে ৫ ডিগ্রি হয়। উন্নতমানের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্য বাড়ির ছাদের ঘরে এই তাপমাত্রা তৈরি করেছেন সৌরভ। আদ্রতা না থাকলে কেশরের বীজে ফুল আসে না। তাই কেশরের বীজে ফুল আনতেও ঘরের ভিতর নির্দিষ্ট মাপের আদ্রতাও তৈরি করা হয়েছে। এছাড়া বীজ তৈরির কিছু নিয়ম মেনে কেশরের উৎপাদন চলছে একেবারে ঘরে বসেই। সৌরভ জানান, গত সেপ্টেম্বর মাসে ওই ঘরে কেশরের বীজ আনা হয়। এরপর তা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু হঠাৎ কেন কেশরের চাষ করছেন সৌরভ? তাঁর কথায়, কেশরের অনেক জায়গায় ব্যবহার আছে। বিশেষত, স্বাস্থ্যের দিকে গর্ভবতী মহিলাদের জন্য উপকারী।

এছাড়াও একাধিক রোগের চিকিৎসাতেও সকালে কেশর খাওয়া ভালো। এতে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওই যুবকের কথায়, তাঁর কাছে প্রায় ৩ কুইন্টাল বীজ রয়েছে। আপাতত প্রায় ৫০০ গ্রাম কাশ্মীরি কেশর উৎপাদন করছেন সৌরভ। তিনি জানালেন, একটি সংস্থার সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই সংস্থা ছবি দেখে তাঁর উৎপাদিত কেশর নিতে রাজি হয়েছে। সৌরভ দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে আইসিএসই দেওয়ার পর ফুড টেকনোলজি নিয়ে বি টেক করেন সল্টলেক থেকে। এর পর একটি সংস্থায় চাকরিতে ঢোকেন। সেখানে বিভিন্ন মহিলাদের কীভাবে স্বনির্ভর করা যায় তা নিয়েই ছিল সৌরভের কাজ। সেই কাজ করতে গিয়ে বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের লালগড়ে গ্রামীণ মহিলাদের নিয়ে কাজ করেন। আর এই মহিলাদের থেকেই চাষবাস শেখেন সৌরভ। কীভাবে ধান, গমের মতো চাষ করতে হয়।

সৌরভ বলেন, ‘‘চাষ করতে গিয়ে আমি দেখেছি পচনশীল সবজির চাষ কীভাবে করা যায়। অনেক মহিলাই এই বিষয়ে জানতেন না। বিধাননগর কৃষি বিদ্যালয়ের গাইডেন্স মেনে আমরা চাষ করি। ফলে মহিলারা এই ধরনের চাষ করতে শেখে ও তাঁরা স্বনির্ভর হয়।” সেখান উৎসাহ পেয়েই কেশর চাষের ভাবনা। সৌরভের কথায়, ‘‘ভারতবর্ষে ৫ জন এরকম চাষ করেন। ২ জন জলন্ধরে, ২ জন অমৃতসরে ও এক জন ওড়িশাতে যারা এই ইন্ডোরে কেশর চাষ করছেন। তাঁদের দেখে আরও উৎসাহ হই।” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওড়িশার বাসিন্দা সুজাতা আগরওয়ালের কথা বলেন। সৌরভ জানান, ওড়িশাতে সুজাতাদেবীর কাছে গিয়ে চাষের বিষয়ে বিস্তারিত তথ্য, প্রশিক্ষণ নিয়েছিলাম। তবে তাঁর কাজকে আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। সৌরভ জানান, এই বিষয়ে নতুন প্রজন্মকে শেখাতে চান। এই চাষ শিখলে উপার্জনের রাস্তা তৈরি হবে। পাশাপাশি অনেক কম দামে কেশর বাজারে পৌঁছানো সম্ভব হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗