শীত পড়তেই গাঁটে ব্যথা, পেশির জড়তা! অটোইমিউন রোগী সুস্থ থাকবেন কীভাবে, পরামর্শ বিশেষজ্ঞের
অটোইমিউন রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঠান্ডার প্রভাবে গাঁটে ব্যথা, পেশির জড়তা, অবসাদ কিংবা ত্বকের সমস্যা বাড়তে পারে। ঋতু পরিবর্তনের সঙ্গে কেন দেখা দেয় এমন উপসর্গ? শীতের দিনগুলিতে সুস্থ থাকতে কোন বিষয়ে সতর্ক হওয়া জরুরি? জানালেন এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (এআইআইআর) অ্যাকাডেমিক ডিরেক্টর, কনসালট্যান্ট রিউম্যাটোলজিস্ট ডা. অর্ঘ্য চট্টোপাধ্যায় এবং ডিরেক্টর, কনসালট্যান্ট রিউম্যাটোলজিস্ট ডা. পার্থজিৎ দাস শরীরের প্রতিরক্ষায় বিভ্রান্তি জীবাণু ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করাই রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজ। কিন্তু কখনও কখনও এই ব্যবস্থাই ভুল করে নিজের শরীরের সুস্থ কোষ ও কলাকে আক্রমণ করে। এই অস্বাভাবিক প্রতিক্রিয়া থেকেই তৈরি হয় অটোইমিউন রোগ। রিউমাটয়েড আর্থ্রাইটিসে গাঁট, সোরিয়াসিসে ত্বক, অটোইমিউন থাইরয়েডাইটিসে থাইরয়েড গ্রন্থি এবং লুপাসে কিডনি-সহ একাধিক অঙ্গ আক্রান্ত হতে পারে। ইনফ্ল্যামেটরি মায়োসাইটিসে প্রভাব পড়ে পেশিতে। শীতে ব্যথার বাড়বাড়ন্ত। ছবি: সংগৃহীত ঠান্ডায় বাড়ে অস্বস্তির আঁচ শীত সরাসরি অটোইমিউন রোগের কারণ নয়। তবে তাপমাত্রার পরিবর্তন, কম সূর্যালোক, শরীরচর্চার অভাব এবং সংক্রমণ— সব মিলিয়ে এই সময়ে উপসর্গের অস্বস্তি বাড়তে পারে। ঠান্ডায় বিশেষত আর্থ্রাইটিসে আক্রান্তদের গাঁটে ব্যথা ও জড়তা বাড়ে। সকালে ঘুম থেকে উঠে হাত-পা নাড়াতে অসুবিধা হতে পারে।
শীতে হাঁটাচলা কমে গেলে সমস্যা আরও বাড়ে। তবে ব্যথা বাড়লেই যে রোগের প্রদাহ বেড়েছে, তা নয়। শীতকালে অনেকেরই রোদে কাটানো সময় কমে যায়। এতে শরীরে ভিটামিন ডি-র মাত্রা কমতে পারে। হাড় ও পেশির সুস্থতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিক কাজেও এই ভিটামিনের ভূমিকা রয়েছে। তবে শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলেই অটোইমিউন রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায় না। এই সময়ে ইনফ্লুয়েঞ্জা-সহ শ্বাসযন্ত্রের সংক্রমণও বাড়ে। কিছু ক্ষেত্রে সংক্রমণ অটোইমিউন রোগের উপসর্গ বাড়িয়ে দিতে পারে। বিশেষত যাঁরা স্টেরয়েড বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন ওষুধ খান, তাঁদের সংক্রমণে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা বেশি। শীতের শুষ্ক বাতাসে সোরিয়াসিস বা একজিমার ক্ষেত্রে চুলকানি, ত্বক ফেটে যাওয়া ও অস্বস্তি বাড়তে পারে। আবার রেনোডস ফেনোমেননে ঠান্ডায় হাত-পায়ের আঙুলের রক্তনালি সংকুচিত হয়ে আঙুল সাদা বা নীলচে হয়ে যায়। পরে রক্ত চলাচল স্বাভাবিক হলে আঙুল লাল হয়, সঙ্গে থাকতে পারে ব্যথা ও ঝিনঝিনে ভাব। ত্বকেরও চাই বাড়তি যত্ন।
ছবি: সংগৃহীত রোগ বুঝে সাবধানতা রিউমাটয়েড আর্থ্রাইটিস: হালকা স্ট্রেচিং ও নিয়মিত ওষুধে উপকার মিলতে পারে। গাঁট ফুলে গেলে বা লাল হলে বা সেখানে গরম অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন। লুপাস: জ্বর, শ্বাসকষ্ট, শরীর অস্বাভাবিক ফুলে যাওয়া বা প্রস্রাবের পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শীতেও রোদ থেকে ত্বক সুরক্ষিত রাখুন। সোরিয়াসিস: নিয়মিত সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দীর্ঘক্ষণ গরম জলে স্নান এড়িয়ে চলুন। স্পন্ডাইলোআর্থ্রাইটিস: দীর্ঘক্ষণ বসে বা শুয়ে না থেকে নিয়মিত হাঁটা ও ব্যায়াম জরুরি। রেনোড’স ফেনোমেনন: গ্লাভস, মোজা ও গরম পোশাক ব্যবহার করুন। আঙুলের রং দীর্ঘক্ষণ স্বাভাবিক না হলে বা ঘা দেখা দিলে দ্রুত চিকিৎসা জরুরি। শীতের দিনযাপনে কিছু নিয়ম যা করবেন: একাধিক স্তরের গরম পোশাক পরুন। নিয়মিত হাঁটুন ও শরীরচর্চা করুন। সুষম খাবার খান, পর্যাপ্ত জল পান করুন এবং ঘুম ও বিশ্রামে নজর দিন। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি পরীক্ষা ও সাপ্লিমেন্ট নিতে পারেন।
প্রয়োজনীয় টিকার বিষয়েও আলোচনা করুন। যা করবেন না: চিকিৎসকের পরামর্শ ছাড়া অসুখের ওষুধ (ডিএমএআরডিএস) বন্ধ করবেন না। নিজে থেকে ব্যথার ওষুধ খাবেন না। প্রতিটি ব্যথাকেই রোগের প্রকোপ বৃদ্ধি বলে ধরে নেবেন না। জ্বর, দীর্ঘস্থায়ী কাশি বা নতুন উপসর্গ অবহেলা করবেন না। উপসর্গকে অবহেলা নয়। ছবি: সংগৃহীত টিকাতেও থাকুক সুরক্ষা অটোইমিউন রোগের চিকিৎসায় একদিকে যেমন কিছু ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, অন্যদিকে তেমনই সংক্রমণে বাড়তে পারে অসুখের প্রকোপ। তাই ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ও রিকম্বিন্যান্ট শিংলস টিকার প্রয়োজন হতে পারে। কোন টিকা কখন নেওয়া উচিত, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। টিকা নেওয়ার জন্য নিজের ইচ্ছায় কোনও ওষুধ বন্ধ করবেন না। ঋতু বদলাক, ছন্দ নয় শীত কিছুটা বাড়তি অস্বস্তি আনতে পারে, কিন্তু স্বাভাবিক জীবন থামিয়ে দেওয়ার কারণ নয়। নিয়মিত চিকিৎসা, শরীরচর্চা, সংক্রমণ থেকে সতর্কতা এবং নতুন উপসর্গ সম্পর্কে সচেতনতাই পারে শীতের দিনগুলিকে অনেকটা স্বস্তির করে তুলতে।
মতামত দিন