টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আকতা

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আকতার হোসেন। ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে। রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরের দিকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ব্রিফিংয়ে ডিসি মো.

আকতার হোসেন বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে এবং তার নামে একাধিক মামলাও রয়েছে। চলতি বছর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলার তদন্তে তার নাম উঠে এসেছে। সে কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষ করে আজই তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। পুলিশের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে টিটন হত্যায় তার প্রকৃত ভূমিকা স্পষ্ট হবে। থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় সুইডেন আসলাম গ্রেপ্তার হন।

এ বিষয়ে প্রশ্ন করলে ডিসি আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির হাতে তুলে দিয়েছে। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত বলতে পারবে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলা প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর কিছু এখনো তদন্তাধীন, আবার কয়েকটিতে পুলিশ প্রতিবেদন জমা দিয়েছে। সব মামলা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত এক মাস ধরে সুইডেন আসলাম নজরদারিতে ছিলেন কি না, এবং অন্য শীর্ষ সন্ত্রাসীরাও নজরদারির আওতায় আছেন কি না—এমন প্রশ্নে ডিসি আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ওপর ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখছে এবং অভিযান চালাচ্ছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের অভিযান চলতে থাকবে। ডিবি সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। তখনই তাকে আটক করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗