শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার মামলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার মামলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ।

তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেয়। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়। নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছেন। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এমন কোনো বক্তব্য তিনি দেননি। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেন তিনি। ফুয়াদ আরো বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কথা বলার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন।

দুর্নীতির প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনও উদ্ধৃত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল প্রশাসন, প্রসিকিউশন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের বিষয় তুলে ধরেছেন। তার বক্তব্য ছিল সামগ্রিক বিচারিক প্রক্রিয়া নিয়ে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়েছে। ফুয়াদকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল আরো বলেন, তিনি একজন আইনজীবী ও ব্যারিস্টার।

একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার এ ধরনের বক্তব্য দেওয়া মানায় না। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, একজন ব্যক্তির একটি মন্তব্যে যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তাঁকে আরও সতর্ক থাকতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗