বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাল ইউরোপ-জাপানের মহাকাশযান

সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। দীর্ঘদিন ধরেই গ্রহটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ থাকলেও এর অনেক রহস্য এখনো অজানা। এবার সেই রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা তৈরি করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভ

সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। দীর্ঘদিন ধরেই গ্রহটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ থাকলেও এর অনেক রহস্য এখনো অজানা। এবার সেই রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনা তৈরি করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’। দীর্ঘ ও জটিল পথ পেরিয়ে মহাকাশযানটি শনিবার বুধের কক্ষপথে প্রবেশ করেছে। ইতিহাসে এটি দ্বিতীয় কোনো মহাকাশ অভিযান, যা বুধের কক্ষপথে পৌঁছাল। ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো।

এতে রয়েছে ইউরোপ ও জাপানের তৈরি দুটি কক্ষপথযান। প্রায় ১৮ দিন পর যান দুটি আলাদা হয়ে বুধকে ঘিরে পৃথকভাবে কাজ শুরু করবে। সূর্যের কাছাকাছি প্রচণ্ড তাপ সহ্য করার উপযোগী বিশেষ আবরণ রয়েছে এগুলোতে। গ্রহটির চৌম্বকক্ষেত্রের বাইরের অংশ থেকে শুরু করে বিশাল লৌহকেন্দ্রের গঠন পর্যন্ত নানা বিষয় পরীক্ষা করবে মহাকাশযান দুটি। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বেপিকলম্বো প্রকল্পের বিজ্ঞানী গেরাইন্ট জোনস বলেন, ‘সৌরজগতের পাথুরে গ্রহগুলোর মধ্যে বুধ সম্পর্কেই আমাদের জানা সবচেয়ে কম।’ বেপিকলম্বো থেকে পাওয়া তথ্য বুধের গঠন ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। একই সঙ্গে এসব তথ্য থেকে সৌরজগতের উৎপত্তি সম্পর্কেও নতুন কিছু জানা সম্ভব হতে পারে।

বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযান থেকে পাওয়া তথ্য অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা বহির্গ্রহ সম্পর্কেও ধারণা দেবে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ক্যারোলিন আর্নস্ট বলেন, বহির্গ্রহগুলোকে কাছ থেকে দেখতে কেমন, তা বিজ্ঞানীদের জানা নেই। তবে আবিষ্কৃত অনেক বহির্গ্রহই তাদের নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করছে, অনেকটা বুধের মতো। এসব গ্রহের কিছু আকারে পৃথিবীর কাছাকাছি। আবার সেগুলো যদি সূর্যের চেয়ে ছোট ও অপেক্ষাকৃত শীতল নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, তাহলে সেখানে প্রাণের অস্তিত্বের উপযোগী পরিবেশও থাকতে পারে। খালি চোখেই দেখা যায় বুধ গ্রহ।

প্রাচীনকাল থেকেই মানুষ গ্রহটিকে পর্যবেক্ষণ করে আসছে। তবে আকারে ছোট এবং সূর্যের খুব কাছে অবস্থানের কারণে পৃথিবী থেকে এর বিস্তারিত পর্যবেক্ষণ কঠিন। ১৯৭৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘মেরিনার ১০’ তিনবার বুধের পাশ দিয়ে উড়ে যায়। এরপর নাসার আরেকটি মহাকাশযান ‘মেসেঞ্জার’ প্রথমবারের মতো বুধের কক্ষপথে প্রবেশ করে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এটি গ্রহটির বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এসব অভিযানে বুধ সম্পর্কে বেশ কিছু বিস্ময়কর তথ্য পাওয়া যায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗