ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, উদ্ধার ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি লাশের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। আগুনে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সোমবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করা

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি লাশের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। আগুনে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সোমবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ২৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া নামের ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববারও কারখানাটির বিভিন্ন স্থানে আগুনের অবশিষ্ট অংশ নেভাতে কাজ করেন দমকলকর্মীরা।

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে তা আবার শুরু হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান। রোববার স্থানীয় সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে তিনি এ তথ্য জানান। কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের পালায় কারখানাটিতে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন। চারজন চিকিৎসাধীন রয়েছেন। ২৯ জন এখনো নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা লাশগুলো দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। পরিচয় শনাক্তের এই প্রক্রিয়া শেষ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗