রেলের সেই কালো বিড়ালের দুই বছরের কারাদণ্ড

রেলে নিয়োগ-পদোন্নতিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। আওয়ামী সরকারের আমলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই চক্রের নাম দিয়েছিলেন ‘কালো বিড়াল’। এর কয়েক দিনের মধ্যেই নিয়োগে ঘুসবাণিজ্য

রেলে নিয়োগ-পদোন্নতিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। আওয়ামী সরকারের আমলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই চক্রের নাম দিয়েছিলেন ‘কালো বিড়াল’। এর কয়েক দিনের মধ্যেই নিয়োগে ঘুসবাণিজ্যের ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার হন তারই পিএস ওমর ফারুক তালুকদার। ওই টাকা তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার কাছ থেকে নিয়ে মন্ত্রীকে দিতে যাচ্ছিলেন। ওই ঘটনায় মন্ত্রিত্ব হারান সুরঞ্জিত সেন। চাকরিচ্যুত হন ইউসুফ আলী মৃধা। ঘটনার পর দুদকসহ একাধিক সংস্থা তদন্তে নামে ইউসুফ আলী মৃধাসহ রেলের কালো বিড়াল সিন্ডিকেটের বিরুদ্ধে। একপর্যায়ে নিয়োগ জালিয়াতিসহ একাধিক অভিযোগের তথ্যপ্রমাণ পেয়ে মামলাও করে সংস্থাটি।

নিয়োগ জালিয়াতির মামলাটি ১৩ বছর বিচারিক কাজ শেষে রায় ঘোষণা করে আদালত। এতে ইউসুফ মৃধাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। একই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে। রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, পলাতক ইউসুফ মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১০৯ জন। যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে রেলওয়ের এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও লেখার ওপর নতুন করে লিখে প্রার্থীদের নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় চাকরিপ্রার্থী ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের নম্বর ৩১.৫ থেকে বাড়িয়ে ৩৭.৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তা অনুমোদন করেন তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা। ২০১২ সালে রেলওয়ের দুর্নীতি নিয়ে দেশজুড়ে আলোচনার সূত্রপাত হয় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে। রেলের দুর্নীতি দূর করতে ‘কালো বিড়াল’ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি। একই বছরের এপ্রিলে তার পিএস ওমর ফারুকের গাড়ি থেকে ৭৫ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗