জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্তসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্তসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। রোববার দুপুর সাড়ে ৩টায় সংগঠনটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের কাছে জমা দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে দাবিগুলো তুলে ধরে সংগঠনটি। এ সময় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান দাবিগুলো উপস্থাপন করেন। পরে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জাবিতে সংঘটিত গণহত্যা, হামলা ও নির্যাতনে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত ও পদক্ষেপ এখনো স্পষ্ট নয়। পাশাপাশি কয়েকজন শিক্ষকের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়। বিশেষভাবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.

রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টেলিভিশন টকশোর বক্তব্যের সমালোচনা করে স্মারকলিপিতে বলা হয়, এসব বক্তব্যের কারণে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে তাঁর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এ দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনার দাবি জানানো হয়। পাশাপাশি আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষকের ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। স্মারকলিপিতে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জড়িতদের প্রহসনের বিচার পুনঃতদন্ত করে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া; অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং স্নিগ্ধাকে প্রাধ্যক্ষ পদ থেকে অপসারণ; রাজনৈতিক কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে পতিত গণহত্যাকারী দল আওয়ামী লীগ নানা রকম আস্ফালন দেখাচ্ছে। সারাদেশে হত্যা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে তাঁর বাবা-মাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗