‘আল্লা গো স্বর্ণার মনে জায়গা করে দেন’, মসজিদের দানবাক্সে ১৮ কোটি টাকার সঙ্গে মিলল চিরকুট
কারও আর্জি সুন্দরী করে দাও, কেউ লিখেছেন বিদেশযাত্রা যেন নিরাপদ হয়, কেউ আবার রোগমুক্তির আর্জি জানিয়েছেন ঈশ্বরের কাছে। সম্প্রতি বাংলাদেশের এক মসজিদের দানবাক্সে বিপুল অর্থের পাশাপাশি মিলেছে আল্লার কাছে ভক্তদের নানান প্রার্থনা। সেখানেই আলাদাভাবে নজরে এল এক চিরকুট। যেখানে এক ‘ব্যর্থ প্রেমিক’ আল্লার কাছে প্রার্থনা জানিয়েছেন, ‘আল্লা গো, স্বর্ণার মনে জায়গা করে দেন।’ চিরকুটের মালিকের নাম, পরিচয় জানা না গেলেও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই কাগজের টুকরো। বাংলাদেশের কিশোরগঞ্জে রয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। প্রায় ৫ মাস পর গত শনিবার খোলা হয়েছে সেই মসজিদের দানবাক্স।
যেখানে মিলিছে বিপুল পরিমাণ সোনার অলংকার, বিদেশি মুদ্রা-সহ নানান মূল্যবান সামগ্রী ও বাংলাদেশি টাকা। দানবাক্স থেকে পাওয়া অর্থ প্রায় ৫১টি বস্তায় ভরে মসজিদের মধ্যেই শুরু হয় গোনার কাজ। জানা যাচ্ছে, ওই বাক্স থেকে পাওয়া গিয়েছে ১৮ কোটি ২১ লক্ষের বেশি টাকা। এর সঙ্গেই দান বাক্সে মিলেছে আল্লার কাছে নানা আর্জি জানিয়ে ভক্তদের অসংখ্য চিরকুট। এক মহিলা আর্জি জানিয়েছেন, আল্লা যেন তাঁকে ‘চিকন’ ও ‘সুন্দরী’ করে দেন। দানবাক্সে পাওয়া চিরকুটে এক ব্যক্তি লিখেছেন, শ্বশুরবাড়ির লোকজনের কারণে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লক্ষ ২৫ হাজার টাকা।
আল্লা যেন এই ঘটনার বিচার করেন এবং তিনি যেন নিজের হারানো সম্পদ ফিরে পান। কেউ আবার বিদেশযাত্রার স্বপ্ন পূরণের আর্জি জানিয়েছেন আল্লার কাছে। এক মহিলা আর্জি জানিয়েছেন, আল্লা যেন তাঁকে ‘চিকন’ ও ‘সুন্দরী’ করে দেন। এসবের মাঝেই দানবাক্সে মিলেছে এক প্রেমিকের আবেগঘন চিরকুট। যেখানে ওই প্রেমিক লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না স্বর্ণা।’ চিঠির শেষে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লা গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’ পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া চিরকুট। স্থানীয়দের দাবি অনুযায়ী, বাংলাদেশের বহু মানুষের বিশ্বাস পাগলা মসজিদে মানত করলে রোগ দূর হয় এবং মনোবাসনা পূরণ হয়।
সেই বিশ্বাস থেকেই দেশটির বিভিন্ন প্রান্তের মানুষ এখানে দান করতে আসেন। টাকা, সোনার পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি-সহ বিভিন্ন সামগ্রী দান করা হয়। এমনকী অনলাইনেও বিদেশ থেকে অর্থ পাঠান অনেকে। তবে সাম্প্রতিক সময়ে দানবাক্সে এহেন চিঠি দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। ফলে বাক্স খুলতেই বেরোচ্ছে আল্লার উদ্দেশে লেখা নানান ধরনের আর্জি।
মতামত দিন