চলমান রাজনৈতিক সহিংসতার শেষ হবে কীভাবে?
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে, পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার বিষয়ে বিএনপির মধ্যে আসলে কী চিন্তা কাজ করছে। বিশেষ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে 'মাথা গুঁড়িয়ে দিতে চাই' বলে যে মন্তব্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রী করেছেন, তা নিয়েও অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আবার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন 'আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে'। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণার পর থেকে গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং এই সহিংসতার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকায় তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ই নভেম্বর থেকে পরের তিন দিনে অন্তত ২১ টি জেলায় গাড়ি–ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলাসহ নানা ধরনের সহিংসতা হয়েছে।
এরপর আবার আওয়ামী লীগের গত বৃহস্পতিবারের দলটির 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়। থানা আক্রমণ, যানবাহনে হামলা ভাংচুর, গোপালগঞ্জে বিএনপির দুই এমপির বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই কর্মীকে হত্যার জেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাবনার বেড়ায় শনিবার ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশে থাকা আওয়াম লীগের নেতাকর্মীদের ব্যাপকহারে আটক করার তথ্য দিচ্ছে পুলিশ। তবে এর মধ্যেই গত দুদিনেও বিভিন্ন জায়গায় নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
মতামত দিন