সামান্য সর্দিতেই বিছানায় কাত পুরুষেরা? ‘ম্যান ফ্লু’ কি নিছক বাহানা, নাকি সত্যিই রয়েছে কারণ?

সামান্য সর্দি-কাশি, একটু জ্বর কিংবা গলাব্যথা। আর তাতেই পুরুষের কাতরানি দেখে অনেকেরই মন্তব্য, ‘এ তো ম্যান ফ্লু!’ অর্থাৎ, সাধারণ অসুস্থতাকেও যেন গুরুতর কিছু বলে মনে করছেন তাঁরা। পুরুষদের অসুস্থতা ন

সামান্য সর্দি-কাশি, একটু জ্বর কিংবা গলাব্যথা। আর তাতেই পুরুষের কাতরানি দেখে অনেকেরই মন্তব্য, ‘এ তো ম্যান ফ্লু!’ অর্থাৎ, সাধারণ অসুস্থতাকেও যেন গুরুতর কিছু বলে মনে করছেন তাঁরা। পুরুষদের অসুস্থতা নিয়ে এমন ঠাট্টা-তামাশা দীর্ঘদিনের। কিন্তু এই প্রচলিত ধারণার পিছনে কি আদৌ কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? সাম্প্রতিক এক গবেষণা সেই প্রশ্নই উসকে দিয়েছে। গবেষকদের পর্যবেক্ষণ, সংক্রমণের বিরুদ্ধে নারী ও পুরুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা একভাবে সাড়া দেয় না। ফলে একই ভাইরাসে আক্রান্ত হলেও দু’জনের শারীরিক প্রতিক্রিয়ায় পার্থক্য হতে পারে। তা হলে ‘ম্যান ফ্লু’ কি শুধুই পুরুষদের নিয়ে মশকরা, নাকি এর পিছনে রয়েছে শরীরবৃত্তীয় কারণও? ‘ম্যান ফ্লু’ কী?

চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যান ফ্লু’ বলে কোনও স্বীকৃত রোগের অস্তিত্ব নেই। শব্দটি মূলত ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়। সাধারণ সর্দি-কাশি বা হালকা ফ্লু হলেও পুরুষেরা অনেক সময় এমনভাবে অসুস্থতা প্রকাশ করেন, যেন গুরুতর কোনও রোগে ভুগছেন। তাঁদের এই অতিরিক্ত কাতরতা বা অসুস্থতা নিয়ে বাড়াবাড়িকেই বলা হয় ‘ম্যান ফ্লু’। বিষয়টি নিছক রসিকতার পর্যায়ে থাকলেও শব্দটির জনপ্রিয়তা এতটাই যে জায়গা পেয়েছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও। সেখানে সাধারণ সর্দি বা সামান্য অসুস্থতাকে ফ্লু কিংবা তার চেয়েও গুরুতর অসুখের মতো করে দেখার প্রবণতাকেই এই শব্দে ব্যাখ্যা করা হয়েছে। সামান্যতেই কাবু? ছবি: সংগৃহীত গবেষণায় মিলল নতুন সূত্র কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জিকা ভাইরাস নিয়ে ইঁদুরের উপর পরীক্ষা চালাতে গিয়ে এক অদ্ভুত বিষয় লক্ষ করেন। কয়েক মাস ধরে চলা গবেষণায় দেখা যায়, জিকা ভাইরাসে আক্রান্ত কিছু ইঁদুরের শরীরে গুরুতর স্নায়বিক সমস্যা দেখা দিচ্ছে।

কোনও কোনও ইঁদুর পিছনের পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, এমনকী কয়েকটির ক্ষেত্রে পক্ষাঘাতের মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই উপসর্গগুলি যেমন আচমকা দেখা দিচ্ছে, তেমনই রাতারাতি মিলিয়েও যাচ্ছে। প্রথমে বিষয়টির কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না গবেষকেরা। পরে দেখা যায়, পরীক্ষার সেই পর্যায়ে থাকা সব ইঁদুরই স্ত্রী। পুরুষ ইঁদুরদের পরীক্ষায় অন্তর্ভুক্ত করতেই আবার ফিরে আসে সেই স্নায়বিক উপসর্গ। এই পর্যবেক্ষণ থেকেই গবেষকদের মনে প্রশ্ন জাগে, ভাইরাসের সংক্রমণে পুরুষ ও স্ত্রী ইঁদুরের শরীর কি আলাদা প্রতিক্রিয়া দেখাচ্ছে? পুরুষের অসুখ মানেই বেশি ভোগান্তি! ছবি: সংগৃহীত রোগপ্রতিরোধ ক্ষমতার পার্থক্য এই প্রশ্নের উত্তর খুঁজতেই গবেষকেরা একই বয়সের পুরুষ ও স্ত্রী ইঁদুরের শরীরে সমান মাত্রায় জিকা ভাইরাস প্রবেশ করিয়ে পরীক্ষা করেন। গবেষণার নেতৃত্বে ছিলেন গবেষক ড.

অ্যালেক্সা ম্যানসুর এবং ইমিউনোলজিস্ট আলি আশকার। তাঁদের লক্ষ্য ছিল, সংক্রমণের বিরুদ্ধে দুই লিঙ্গের রোগপ্রতিরোধ ক্ষমতা কীভাবে কাজ করে এবং তার ফলে শারীরিক প্রতিক্রিয়ায় কী ধরনের পার্থক্য তৈরি হয়, তা বোঝা। জিকা একটি মশাবাহিত ভাইরাস। গর্ভাবস্থায় এই ভাইরাসের সংক্রমণ শিশুর জন্মগত ত্রুটির কারণ হতে পারে। পাশাপাশি এটি স্নায়ুতন্ত্রেও গুরুতর জটিলতা তৈরি করতে সক্ষম। গবেষকদের এই পর্যবেক্ষণ নারী ও পুরুষের রোগপ্রতিরোধ ক্ষমতার পার্থক্য নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে। তবে ইঁদুরের উপর করা গবেষণার ফল মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সময় এখনও আসেনি। অর্থাৎ, ‘ম্যান ফ্লু’ সত্যিই আলাদা কোনও শারীরবৃত্তীয় বাস্তবতা কি না, তা বুঝতে আরও গবেষণার প্রয়োজন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗