শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন
মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে। রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই উপদেষ্টা ও মুখপাত্র এসব কথা বলেন।
গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে—অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে উপদেষ্টা বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারা বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে।
সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।
মতামত দিন