আড্ডা দিতেন সুন্দর পিচাইরা! মোদির মুখে সেই ‘ছেদির চায়ের দোকানে’র কথা শুনে বাড়ল বিক্রি
সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, বিনোদ গুপ্তা, অর্জুন মালহোত্রা। এঁরা এখন কেউ খড়গপুরে থাকেন না। প্রত্যেকই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় বিরাজ করছেন। কিন্তু তাঁদের নাম এখনও জড়িয়ে রয়েছে খড়গপুর আইআইটি লাগোয়া ‘ছেদির চা দোকানে’র সঙ্গে। যে চা দোকানের নাম উচ্চারিত হয়েছে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। শনিবার খড়গপুর আইআইটির ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৬৫ বছরের পুরনো এই ‘ছেদির চায়ের দোকানে’র নাম উচ্চারণ করেছেন। যার পর থেকে ফোনের পর ফোন পাচ্ছেন দোকান মালিক। আরও বেড়েছে বিক্রিও। বিখ্যাত সেই ছেদির চায়ের দোকান। নিজস্ব ছবি। এমনিতেই ‘ছেদির চায়ের দোকানে’র খুবই পরিচিত। আইআইটি এলাকা ছাড়িয়ে এই চায়ের দোকানের নাম উচ্চারিত হয় অনেকেরই মুখে।
কিন্তু এবারে দেশের প্রধানমন্ত্রীর ভাষণে এই চায়ের দোকানের নাম উচ্চারিত হওয়ায় গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। দোকানের অন্যতম মালিক মাজহার খান বললেন, “শনিবার প্রধানমন্ত্রীর মুখ থেকে আমাদের চায়ের দোকানের নাম উচ্চারিত হওয়ার পর থেকেই বহু ফোন আসছে। সকলেই অভিনন্দন জানিয়েছেন।” বস্তুত, খড়গপুর আইআইটির পড়ুয়াদের কাছে এই চায়ের দোকান যেন একরাশ দখিনা হাওয়া। সারাদিনের পড়াশোনার চাপ থেকে সাময়িক মুক্তি পেতে তাঁদের কাছে এই চায়ের দোকান যেন একটি শান্তিকুঞ্জ। যেরকমভাবে অতীতে সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল সহ বিনোদ গুপ্তা ও অর্জুন মালহোত্রা, গৌরব তানিজার কাছে ছিল সাময়িক দম ফেলার জায়গা। সমস্যা রয়েছে অনেক। কিন্তু সেইসব সমস্যা পার করেই সেই ১৯৬১ সাল থেকে এই চায়ের দোকান চলছে। আইআইটি লাগোয়া প্রেমবাজার এলাকার বাসিন্দা আনোয়ার খানের হাত ধরে এই চায়ের দোকান পথ চলা শুরু করেছিল। তাঁর নাকের উপর একটি ফুটো ছিল। সেই থেকে এই দোকানের নাম ছেদির চায়ের দোকান হয়ে যায়। আর সেই নামকরণ আজও বহন করে চলেছে সকলে। বর্তমানে ‘ছেদি’ বেঁচে নেই।
কিন্তু তাঁর ছেলে ও দুই নাতি এই দোকানটি এখন চালাচ্ছেন। কথা বলার সুযোগ হয়নি। কিন্তু চোখের সামনে দোকানে এসে চা পান করতে করতে ঘণ্টার পর ঘণ্টা সুন্দর পিচাই থেকে শুরু করে বিনোদ গুপ্তা ও অর্জুন মালহোত্রাকে দেখেছেন আড্ডা দিতে। গল্পগুজব করতে। তাঁর সঙ্গে সহপাঠীদের সঙ্গে পড়াশোনার আলোচনাও চলত, এমনটাই জানালেন প্রয়াত আনোয়ার খানের ছেলে হায়দার খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনওদিনই সে দোকানে যাননি। তাহলে তিনি কিভাবে এই চায়ের দোকানের নাম জানলেন? উত্তরে দোকানের অন্যতম মালিক মাজহার খান বললেন, “পড়ুয়ারা ও প্রাক্তনীরা তাঁর দপ্তরে মেল করেছিলেন। মনে হয় সেখান থেকে জেনেছেন।” তবে অপর একটি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খড়গপুর আইআইটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার সময় এই চায়ের দোকানের নাম জানতে পারে। তবে কিভাবে প্রধানমন্ত্রী জানলেন এই চায়ের দোকানের নাম সেটি অবশ্য এখন খুব বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বরং প্রধানমন্ত্রীর মুখে এই চায়ের দোকানের নাম উচ্চারিত হওয়ার পর থেকে এখানে চা পান করতে আসা আইআইটির পড়ুয়াদের মধ্যে একধরনের গর্ব অনুভব হচ্ছে। কৃষি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বালিডাংরি এলাকার রাজশ্রী পট্টনায়েক যেমন বললেন, “এখানে চা খেতে আসা আমার রোজকার ব্যাপার।
দিনে অন্তত দুবার আমার আসা চাই। তবে শুধু চা নয়। চায়ের সঙ্গে চাউমিন থেকে আরও অনেক কিছুই এখানে পাওয়া যায়। আমি প্রথম যখন আইআইটিতে আসি তখন অন্যান্যদের মুখে এই চায়ের দোকানের নাম শুনে আসি। সেই থেকে নিয়মিত খদ্দের হয়ে গিয়েছি। আমার খুব গর্ব হচ্ছে যে দোকানে রোজ চা পান করি সেই দোকানের নাম প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হয়েছে।” আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া কার্তিকে বিক্রম সিং বললেন, “আমি এখানে রোজ দুপুরে চায়ের সঙ্গে আরও অনেক কিছু খেতে আসি। আমি ওদেরকে বলেছি চাইলে দোকানটির সংস্কার করে দিতে প্রস্তুত। আমার ভাবতে খুব লাগছে এই চায়ের দোকানে একসময়ে সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল-সহ আরও অনেক স্বনামধন্য আইআইটির প্রাক্তনীরা চা খেতে আসতেন।” ওড়িশার সম্বলপুরের বাসিন্দা খড়গপুর আইআইটির আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অনিষ্কা বর্মা বললেন, “বন্ধুদের সঙ্গে এখানে চা খেতে আসি চাপ কমানোর জন্য।” একসময় এই চায়ের দোকানটি দিনরাত খোলা থাকত। তবে বর্তমানে নানান ধরনের নিষেধাজ্ঞার কারণে ভোর পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা রাখা হয়। তবে শুধু পড়ুয়ারাই নয়। অনেক অধ্যাপক এখানে চা পান করতে আসেন বলে জানালেন অন্যতম মালিক আফজল খান।
মতামত দিন